পুরাকীর্তি – গোলগ্রাম
সুতনু ঘোষ
পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ব অংশে ডেবরার অবস্থান। এর উত্তরে দাসপুর ১ ও কেশপুর, পশ্চিমদিকে মেদিনীপুর ও খড়্গপুর ২ , দক্ষিণে পিংলা এবং পূর্বে পাঁশকুড়া অবস্থিত। ডেবরা থানার ওপর দিয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে কংসাবতী নদী। ডেবরার খানামোহন, সত্যপুর, ভরতপুর, গোলগ্রাম, ষাঁড়পুর-লোয়াদা এইসব গ্রাম-পঞ্চায়েতের কিছু গ্রাম কংসাবতীর তীরে অবস্থিত। এছাড়া কলকাতাগামী হাইরোড ও রেললাইন পশ্চিম থেকে পূর্বে চলে গিয়েছে। অতীত সময়ের পরগণা বিভাগের সাহাপুর, কুতুবপুর, কিসমৎ কাশীজোড়া, কেদারকুণ্ড ও গাগনাপুর পরগণার অংশবিশেষ ডেবরার অন্তর্গত। ডেবরা কৌমুদী পত্রিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংখ্যায় যথাক্রমে চকবাজিত, ধামতোড়, আমোদপুর, খানামোহন, ঝিকুরিয়া, ডিঞাপুর, গড়কিল্লা, সত্যপুর ও পাইকপাড়ী গ্রামের অবশিষ্ট ও বিলুপ্ত পুরাকীর্তি এবং তাদের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। এগুলি সব কংসাবতীর দক্ষিণ তীরে অবস্থিত।

১) গোলগ্রাম – কংসাবতীর দক্ষিণে বহু প্রাচীন জনপদ লোয়াদা এবং উত্তরে গোলগ্রাম, চন্দ্রামেড়, পুঁয়াপাট নামের গ্রামগুলি। ডেবরার একটি ইতিহাস বিজড়িত গ্রামের নাম গোলগ্রাম। জে এল নং – ৪৭। গ্রাম পঞ্চায়েত – গোলগ্রাম ( ৮ নং , ডেবরা ব্লক)। এককালে পটুয়াদের জন্য এই গ্রাম পরিচিত ছিল। গ্রামের নাম ছিল গোলক গ্রাম। জনশ্রুতি অনুসারে গোলক নামক এক গোমস্তার নামে গ্রামের নাম। কুতুবপুর পরগণার অন্তর্গত অন্যতম প্রধান একটি জনপদ ছিল গোলগ্রাম। গোলগ্রামে রায় পদবীধারী এক অতি সম্ভ্রান্ত রাজবংশ বসবাস করত। রায় বংশের প্রথম রাজা ছিলেন রঘুনাথ। তার ছিল বিশাল প্রভাব প্রতিপত্তি। এই বংশের শেষ রাজা ছিলেন হাড়ারাম রায়। এই হাড়ারামের প্রতিষ্ঠিত দেবী সর্বমঙ্গলার মন্দিরটি ছিল প্রধান পুরাকীর্তি। গোলগ্রামে পরিখা ও জলাশয়ে ঘেরা রাজবাড়ি ছিল। তার চিহ্ন আজ আর নেই। রাজবাড়ির পশ্চিমাংশে তৈরী হয়েছিল সর্বমঙ্গলার মন্দির। এছাড়া গোলগ্রামে, লক্ষীনারায়ণ, গোপীনাথ ও শিবের মন্দির তৈরী হয়েছিল। কাছে জলাশয়ের মাঝে জলহরি বলে একটি মন্দির ছিল। জলহরির ধ্বংসাবশেষ এককালে দেখা যেত। বর্তমানে তা অতীত হয়েছে।
চিরস্থায়ী বন্দোবস্তের পরে হরকুমার ঠাকুর গোলগ্রাম সহ কিছু অঞ্চলের জমিদারি প্রাপ্ত হন। তিনি ছিলেন পাথুরেঘাটার ঠাকুর পরিবারের জমিদার। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঠাকুরদা নীলমণি ঠাকুর ( জোড়াসাঁকো বংশ ) এবং হরকুমার ঠাকুরের ঠাকুরদা দর্পনারায়ণ ঠাকুর ( পাথুরেঘাটা বংশ ) ছিলেন দুইভাই। দর্পনারায়ণের পুত্র গোপীমোহনের পঞ্চম পুত্র ছিলেন হরকুমার ( ১৭৯৮ – ১৮৫৮ খ্রিঃ )। বিভিন্ন ভাষায় তিনি পন্ডিত ছিলেন। হরকুমার সাহিত্য ও সঙ্গীত চর্চা করতেন। তার রচিত গ্রন্থ- দক্ষিণার্চন পারিজাত, হরতত্ত্ব দীধিতি, পুনশ্চরণ পদ্ধতি, শিলাচক্রার্থবোধিনী, দক্ষিণাত্য পর্যটন প্রভৃতি। তিনি দুর্লভ সংস্কৃত পুথি ও মূল্যবান রত্ন সংগ্রহ করেছিলেন। হরকুমারের দুই পুত্র- যতীন্দ্রমোহন ও শৌরীন্দ্রমোহন।
বিংশ শতকের শুরুতে শৌরীন্দ্রমোহন ঠাকুর দীর্ঘদিন রাজস্ব দিতে ব্যর্থ হলে ব্রিটিশরা জমিদারী নিলামে বিক্রি করার ব্যবস্থা করে। জমিদারি সম্বলপুর কোর্ট থেকে নিলাম হয়। ১৯২০ সালে হালওয়াসীয়া পরিবার গোলগ্রামের জমিদারি লাভ করেন। কুতুবপুর ও কাশীজোড়া পরগণার ২২০০ একর জমি তারা ক্রয় করেন। সেসময় থেকে গোলগ্রামের জমিদারি হালওয়াসীয়া পরিবার দেখাশোনা করেছেন। বর্তমানে প্রায় ৭৬৩ একর জমি হালওয়াসীয়া ট্রাস্টের অধীনে আছে। গোলগ্রাম হাট, সর্বমঙ্গলা মন্দির ও শিব মন্দির এগুলো ট্রাস্টের অধীনে। ভাইয়ের মৃত্যুর পর বিশ্বেশ্বরলাল হালওয়াসীয়া ১৯২৫ সালে ট্রাস্ট তৈরীর জন্য উইল করে যান। শান্তিনিকেতনে এই ট্রাস্টের অর্থ সাহায্যে হিন্দী ভবনের নির্মাণ হয়েছিল। ১৯৩৯ সালে এই ভবনের উদ্বোধনে এসেছিলেন জওহরলাল নেহেরু।
গোলগ্রামের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরটি বর্তমানে বিলুপ্ত হয়েছে। সেই জায়গায় তৈরী হয়েছে শীতলা মাতার মন্দির ( স্থাপিত – বাং ১৪১৯ সাল )। নতুন করে সর্বমঙ্গলার মন্দির তৈরী হয়েছে স্কুল বাজারের কাছে ( সম্ভবত ১৯৬০ সাল)। সেখানে সর্বমঙ্গলার পুরোনো মূর্তি , রাধাকৃষ্ণ ও শিবলিঙ্গের পুজো হয়। সর্বমঙ্গলার মূর্তিটি আসলে অষ্টধাতুর ঘটের ওপর দেবীর মুখ। পুজো করেন পুরোহিত শুভেন্দু ভট্টাচার্য্য মহাশয়। এনারা ছিলেন রাজপুরোহিত। বংশপরম্পরায় এই দেবদেবীর পুজো করে আসছেন। অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়। স্কুলের পাশে একটি শিব মন্দির আছে। মন্দিরটি বারান্দা ও গর্ভগৃহ যুক্ত সমতল ছাদের মন্দির। তার ভেতরে পুরোনো বাণলিঙ্গের পুজো হয়। বাণলিঙ্গ গুরুভার ডিম্বাকার। বাণলিঙ্গ হল একটি অকৃত্রিম মানসলিঙ্গ। নর্মদা তটের ধাবড়ী কুণ্ড বাণলিঙ্গের প্রধান প্রাপ্তিস্থান। আগে বাণলিঙ্গের জন্য একটি পুরোনো চারচালা মন্দির ছিল। তা ভেঙে গেলে পরবর্তীকালে মন্দির নির্মাণ করা হয়েছে ( সম্ভবত ১৯৫৮ সাল নাগাদ )।
প্রাচীন যে সর্বমঙ্গলার মন্দিরটি ছিল সেটি নবরত্ন শৈলীতে নির্মিত ছিল। আনুমানিক ৫০ ফুট উচ্চতার স্থাপত্য। লিপি না থাকায় পূর্ববর্তী গবেষকেরা এর গঠনশৈলী দেখে অনুমান করেছিলেন মন্দিরটি অষ্টাদশ শতকের শুরুতে নির্মিত হতে পারে। শোনা যায়, সর্বমঙ্গলা মন্দির সাতশো ঘোড়ইয়ের মাথার ওপর প্রতিষ্ঠিত ছিল। মন্দিরটি ছিল পূর্বমুখী। ওপরে ও নীচে দুটি তলাতেই সামনের দিকে ত্রিখিলান প্রবেশপথ করা হয়েছিল। রত্নগুলির চূড়া করা ছিল পীঢ়া রীতির। মন্দিরের দেওয়াল, কপাট ও চূড়ায় তান্ত্রিক যন্ত্রের চিহ্ন করা ছিল। মন্দিরের মধ্যে গুপ্ত-কক্ষ ছিল। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা ছিল। এখানকার প্রভাবশালী রায় বংশের পরে বেশ কিছু ভূস্বামীদের শাসনকর্তার ভূমিকায় দেখা যায়। তার মধ্যে ছিলেন বিখ্যাত পাথুরেঘাটার জমিদার হরকুমার ঠাকুর।
তার পরে রায়বাহাদুর বিশ্বেশ্বরলাল হালওয়াসীয়া এই রাজ্য ক্রয় করেন। প্রসঙ্গত গোলগ্রামে একটি হাইস্কুল আছে , যার নাম – গোলগ্রাম রায়বাহাদুর বিশ্বেশ্বরলাল মতিলাল হালওয়াসীয়া উচ্চ বিদ্যালয় ( উচ্চমাধ্যমিক, প্রতিষ্ঠা – ১৯৩০ খ্রি: )। বিশ্বেশ্বরলাল হালওয়াসীয়া সমাজে শিক্ষা ব্যবস্থার প্রসারে উৎসাহী ছিলেন। এইকথা মাথায় রেখে রায়বাহাদুর বিশ্বেশ্বরলাল মতিলাল হালওয়াসীয়া ট্রাস্ট এর তরফ থেকে এবং বাবু শ্যামসুন্দর হালওয়াসীয়া এর নেতৃত্বে স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। তার পরে যথাক্রমে পুরুষোত্তম দাস হালওয়াসীয়া এবং বিজয় শঙ্কর হালওয়াসীয়া মহাশয় এই দায়িত্ব পালন করেছেন। গবেষক পঞ্চানন রায় কাব্যতীর্থ জ্যোতির্বিনোদ মহাশয় কিছুকাল গোলগ্রাম অবৈতনিক উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান পন্ডিত ছিলেন। বিদ্যালয়ের জায়গায় আগে একটি নীলকুঠির ধ্বংসাবশেষ ছিল বলে শোনা যায়।
বিশ্বেশ্বরলাল হালওয়াসীয়ার অছিগণ দিল্লী বিড়লা ভবনের সভায় সর্বমঙ্গলা দেবীর মন্দির সংস্কার বাবদ ছয় হাজার টাকা মঞ্জুর করার পরও কয়েক বছর মন্দির ভালোভাবে টিকে ছিল। পরবর্তীকালে তার ওপরের অংশ ভেঙে পড়ে। তারপর মন্দিরটি ক্রমে ক্রমে অতি জীর্ণ ও ভগ্ন হয়ে পড়েছিল। পরবর্তীকালে ভেঙে ফেলা হয়।

এই নবরত্ন সর্বমঙ্গলা মন্দিরের পাশেই একটি পঞ্চরত্ন মন্দিরের নির্মাণ হয়েছিল আনুমানিক অষ্টাদশ শতকের মধ্যভাগে। এটি লক্ষীজনার্দনের মন্দির। ইটের তৈরী দক্ষিণমুখী মন্দির। এটি অতি জীর্ণ ও ভগ্ন অবস্থায় কোনোমতে টিকে রয়েছে। মন্দিরটি পরিত্যক্ত হয়েছে আগেই। মন্দিরের চারদিকে চারটি রত্ন ভেঙে পড়েছে আগেই। কেন্দ্রীয় রত্নের গায়ে পঞ্চরথ বিন্যাস করা আছে। বট , অশ্বত্থ গাছ মন্দিরটিকে গ্রাস করেছে। দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ঢোকার জন্য দ্বারপথ দেখা যায়। পূর্বদিকে ওপরে ওঠার জন্য যে সিঁড়ি ছিল তা আজও দৃশ্যমান। মন্দিরের গর্ভগৃহের ছাদ খিলানের ওপর গম্বুজ স্থাপন করে নির্মিত। গর্ভগৃহের উত্তর দেওয়ালে বিগ্রহের বেদী করা আছে। মন্দিরের গায়ে পঙ্খ পলেস্তরার ফুল, লতাপাতার নকশার কিছু অংশ অবশিষ্ট আছে। দু একটি কুলুঙ্গিও দেখা যায় দেওয়ালে।
গোপীনাথ মূর্তিটি ছিল স্বর্ণবহুল অষ্টধাতুর মূর্তি। ওজন এক মণ পাঁচ সের। অষ্টধাতু হল – সোনা, রুপো, তামা, লোহা, দস্তা, সীসা, পারদ, রাং। এগুলোর নির্দিষ্ট অনুপাতের সংমিশ্রণে যে ধাতু, তার তৈরী মূর্তি। রাধারাণীর মূর্তির ওজন ছিল ছত্রিশ সের। রাধারাণীর মূর্তিটি অপহৃত হয়ে যায়। লক্ষীনারায়ণ মূর্তিটিও অপহৃত হয়ে যায়। তার যে প্রাচীন সিংহাসনটি ছিল সেটিও ছিল দর্শনীয়। তার গায়ে কয়েকটি সিংহের চিহ্ন ছিল।
গোলগ্রামের কিছু পূর্বে একটি গ্রাম আছে মুক্তেশ্বর। এখানে মুক্তেশ্বর মহাদেব মন্দিরের শিবলিঙ্গটি প্রাচীন ও বেশ বড়ো। দেখতে অনেকটা স্তম্ভের মতো। গোলগ্রামের উত্তরপূর্ব দিকে কয়েক কিলোমিটার ব্যবধানে আছে ত্রিলোচনপুর গ্রাম। এখানে দুশো বছরের বেশি পুরোনো তালন্দময়ী শীতলার পঞ্চরত্ন মন্দির একটি পুরাকীর্তি। এখানে দেবীর প্রাচীন একটি পাথরের মূর্তি দেখা যায়। প্রবাদ, এই শিলামূর্তি খন্দ- ব্যাপারিরা এখানে এনে প্রথমে ঘোষেদের কুলপুকুরে স্থাপন করে। পরে গোলগ্রামের রাজা মন্দির নির্মাণ করে দেন। প্রাচীন কোন লিপি দেখা যায় না। দেবীর পাশে একটি ছোট আকারের প্রাচীন জৈনমূর্তির দেখা মেলে। মূর্তিটি কাছের একটি পুকুর খননের সময় পাওয়া গিয়েছিল।

