নিজস্ব প্রতিবেদন
খড়্গপুর শহরের এক বিস্তীর্ণ জনবসতির পাশে দাঁড়িয়ে আছে স্পঞ্জ আয়রন কারখানাগুলি। দিনের পর দিন সেই কারখানার চিমনি থেকে উড়ে আসছে কালো ধুলো, সিলিকনের গুঁড়ো, বিষাক্ত ধোঁয়া। শুধু বাড়ির ছাদ বা উঠোন নয়—মানুষের শরীরেও ঢুকে পড়ছে সেই বিষ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিশু থেকে বৃদ্ধ—সকলেই আজ শ্বাসকষ্ট, ত্বকের রোগ, এমনকি ক্যানসারের আশঙ্কা নিয়ে বেঁচে আছেন।
স্থানীয় মানুষ বলছেন, শিল্প দরকার, কাজ দরকার—কিন্তু সেই শিল্প যদি মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়, তবে সেই উন্নয়নের অর্থ কী? বহু বছর ধরে তাঁরা সাংসদ, বিধায়ক, প্রশাসন—সবার কাছে অভিযোগ জানিয়েছেন। চিঠি দিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু তাঁদের কথায়, বাস্তবে কোনও সাহায্য তাঁরা পাননি।
খড়্গপুরের ঘনবসতিপূর্ণ পৌর এলাকার একেবারে পাশে তৈরি হয়েছে এই স্পঞ্জ আয়রন কারখানাগুলি। পরিবেশবিদদের মতে, এ ধরনের ‘রেড ক্যাটাগরি’ শিল্প সাধারণত জনবসতি থেকে অনেক দূরে হওয়া উচিত। অথচ এখানে বাড়িঘর, হাসপাতাল, রাস্তা—সব কিছুর মাঝখানেই কারখানার বিস্তার। ফলে দূষণের প্রভাব সরাসরি এসে পড়ছে সাধারণ মানুষের জীবনে।
বাসিন্দাদের অভিযোগ, শুধু বায়ুদূষণ নয়—পানীয় জলও দূষিত হয়ে পড়েছে। সরকারি জলের লাইন দিয়ে নাকি অনেক সময় কালচে জল আসে। স্থানীয় মানুষকে সেই জল কিনে খেতেও হচ্ছে। এলাকাবাসীর একাংশের দাবি, কারখানার দূষণের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্দোলনের সূত্রপাতও হয়েছিল একাধিক সমস্যাকে কেন্দ্র করে। প্রথমে রাস্তা বন্ধ হওয়া, পরে কারখানা নির্মাণ, তারপর দূষণের আশঙ্কা—সব মিলিয়ে মানুষ রাস্তায় নামেন। শুরুতে কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল, স্কুল, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে এলাকাবাসী বুঝতে পারেন, এর আড়ালে লুকিয়ে আছে বড় বিপদ। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শুনানির পর মানুষ আরও সংগঠিত হন। তাঁরা কাজ বন্ধও করিয়ে দেন কিছু সময়ের জন্য।
খড়্গপুরের বিভিন্ন অঞ্চলে আজ শ্বাসকষ্ট, যক্ষ্মা, ফুসফুসের রোগ বেড়ে চলেছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের বিশ্বাস, দীর্ঘদিনের শিল্প দূষণই এর জন্য দায়ী। বহু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি।
এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক নীরবতা নিয়ে মানুষের ক্ষোভ। আন্দোলনকারীদের বক্তব্য, নির্বাচন এলেই সব রাজনৈতিক দল দূষণের বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দেয়। কিন্তু ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতির আর কোনও খোঁজ থাকে না। বহু বছর ধরে চলা আন্দোলনে কোনও বড় রাজনৈতিক শক্তিকে তাঁরা পাশে পাননি বলেই অভিযোগ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে এবার দূষণের প্রশ্নটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিনের আন্দোলনের ফলেই এই বিষয়টি জনসমক্ষে এসেছে। আগে কেউ কথা বলত না, এখন সকলেই প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু মানুষ জানতে চাইছেন—এতদিন তাঁরা কোথায় ছিলেন?
স্থানীয় কয়েকটি সংগঠন একজোট হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নিজেদের টাকায় মামলা লড়ছেন, সভা করছেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়াচ্ছেন। তাঁদের দাবি, তাঁরা কোনও বড় অর্থশালী গোষ্ঠী নন; সাধারণ মধ্যবিত্ত মানুষ হিসেবেই নিজেদের শহরকে রক্ষা করার চেষ্টা করছেন।
খড়্গপুরের এই লড়াই তাই শুধু একটি কারখানার বিরুদ্ধে প্রতিবাদ নয়। এটি উন্নয়নের নামে মানুষের জীবন, স্বাস্থ্য ও পরিবেশকে বিসর্জন দেওয়ার বিরুদ্ধে এক দীর্ঘ প্রতিরোধের কাহিনি। শিল্প ও পরিবেশের মধ্যে যে ভারসাম্য থাকা দরকার, সেই প্রশ্নই আজ নতুন করে তুলছে এই আন্দোলন।
সৌজন্যঃ ডি বি লাইভ ইউটিউব চ্যানেল
খড়্রগপুর দূষণ-বিরোধী মঞ্চ







