এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

পলাশডিহার প্রান্তর

মিঠুন চক্রবর্তী

​চৈত্রের খররোদ তখন সবেমাত্র অযোধ্যা পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করেছে। বাতাসটা আজ অস্বাভাবিক রকমের স্থির। কাঁকুরে লাল মাটির বুক চিরে যে মেঠো পথটা পলাশডিহা গ্রামের ভেতর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে, সেখানে আজ কোনো ধুলো উড়ছে না। গ্রামটার উপর যেন একটা অদৃশ্য, জমাট বাঁধা প্রেতচ্ছায়া নেমে এসেছে। দূর থেকে ভেসে আসা ডাহুকের ডাকটাও কেমন যেন গুমরে মরছে শাল আর পিয়ালের জঙ্গলে।
​গ্রামের ঠিক মাঝখানে, শতবর্ষ প্রাচীন সেই বিশাল তেঁতুল গাছটার নিচে শুয়ে আছে চেতন মণ্ডল। বাষট্টি বছরের একটা শীর্ণ, রোদ-পোড়া শরীর। গায়ে জড়ানো একটা আধময়লা চাদর, যার বুকের কাছটায় ছোপ ছোপ কালচে দাগ। রক্ত যখন শুকিয়ে যায়, তখন তা এই পুরুলিয়ার পোড়া মাটির মতোই কালচে লাল রূপ নেয়। চেতনের নিথর মুখের রেখাগুলো বড় শান্ত। যেন গভীর ঘুমে আচ্ছন্ন কোনো ক্লান্ত পথিক।
​তেঁতুলতলার চারপাশে গোল হয়ে বসে আছে গোটা গ্রাম। হিন্দু, মুসলমান —কেউ আজ আর আলাদা নয়। সবার চোখে এক শূন্য, পাথুরে দৃষ্টি। শ্মশানের নিস্তব্ধতাকেও যেন হার মানিয়েছে এই নীরবতা। একটু দূরে উবু হয়ে বসে আছে রমেশ। আর তার ঠিক বিপরীতে, মাথা নিচু করে বসে আছে সিরাজ। তার পরনের ফতুয়াটা ফালাফালা, কপালে কালশিটে। গতকাল সন্ধেবেলাও এই দুটো মানুষ একে অপরের মৃত্যু ছাড়া আর কিছুই কামনা করেনি। আর আজ, এই দুই মেরুর মাঝখানে সেতু হয়ে চিরতরে ঘুমিয়ে পড়েছে তাদের ‘চেতন খুড়া’।

​চেতন মণ্ডল কোনো বীর ছিল না। রূপকথার কোনো জাদুকরও সে নয়। সে ছিল এই রুক্ষ মাটির এক অতি সাধারণ সন্তান। আজ থেকে প্রায় আড়াই দশক আগে কলেরার মড়কে যখন বউটা মারা গেল, চেতনের বয়স তখন তিরিশের কোঠায়। সংসার বলতে আর কিছুই অবশিষ্ট রইল না। চাইলেই সে হয়তো শহরে চলে যেতে পারত, অথবা নতুন করে ঘর বাঁধতে পারত। কিন্তু চেতন যায় নি। নিজের ভাঙা মাটির ঘরের দাওয়ায় বসে, বিড়ি বাঁধতে বাঁধতে সে কবে যেন গোটা পলাশডিহা গ্রামটাকেই নিজের সংসার বানিয়ে ফেলেছিল।
​তার বুকের ভেতরকার শূন্যতাটা সে পূরণ করেছিল গ্রামের প্রতিটি মানুষের সুখ-দুঃখ দিয়ে। গ্রামের যেখানে যত উৎসব, যত কান্না—সবখানেই চেতনের অবাধ যাতায়াত। মনসার গানে যেমন সে খোল বাজাত, তেমনি মহরমের চাঁদে রহমত চাচার উঠোনে বসে লাঠি ঘোরানোও দেখত মুগ্ধ হয়ে। ধর্ম তার কাছে কোনোদিন আলাদা কোনো প্রকোষ্ঠ ছিল না। ধর্ম ছিল এই বিশাল, উদোম আকাশের নিচে এক হয়ে বেঁচে থাকার নামান্তর।
​তেঁতুলতলার নিস্তব্ধতা ভেঙে একটা দীর্ঘশ্বাস গড়িয়ে পড়ল রহমতের বুক থেকে। তার মনে পড়ে যাচ্ছিল গত ইদের দিনটার কথা। চেতন খুড়া ঠিক সক্কালবেলা এসে হাজির।
“ক্যানে গো রহমত, ইবারের সেমাইটা একটু বেশি মিঠে লাইগছে বঠে! ভাবিজিকে বলিস, হামার লাইগ্যে আর একটু বাইড়তে।”
রহমত হেসে বলেছিল, “তু তো খুড়া সবখাইনেই ভাগ বসাইস। ইদিকে বামুনদাদার ঘরের প্রসাদ, উদিকে হামদের সেমাই।”
চেতন ফিক করে হেসেছিল, “আরে বোকা! পেটটা তো একটাই বঠে। আর ভগবান কি আল্লা, কেউ কি বইলে দ্যেছে যে ভালোবাসায় ভাগ বসানো পাপ? হামি তো ভালোবাসার কাঙাল বঠি।”
​সেই ভালোবাসার কাঙাল মানুষটার বুকে কীভাবে টাঙি বসল?

​গ্রামের হাওয়া বদলাতে শুরু করেছিল মাস ছয়েক আগে থেকে। রাজনীতির একটা বিষাক্ত, অদৃশ্য ধোঁয়া এসে ঢুকতে শুরু করেছিল পলাশডিহার সরল জীবনে। শহরে কাদের যেন স্বার্থে এই গ্রামের একতা ভাঙাটা খুব জরুরি হয়ে পড়েছিল। শুরু হয়েছিল ফিসফাস, কানাঘুষো।
​চায়ের দোকানে বসে রমেশ একদিন সিরাজকে উদ্দেশ্য করে বলেছিল, “ইবার পরব্যে তুমদের মাইকটা একটু আস্তে বাজাইস সিরাজ। হামদের ঠাকুরঘরের দিকে বড় আওয়াজ আসে।”
সিরাজ থমকে গিয়েছিল। ছোটবেলার বন্ধু রমেশ, যার সাথে এক পুকুরে সাঁতার কেটে বড় হয়েছে, তার মুখে এমন কথা! সে উত্তর দিয়েছিল, “আওয়াজ তো চিরকালই যায় রমেসা। নতুন তো কিছু লয়। তর এমন ক্যানে লাইগছে ইবার?”
রমেশ চোখ পাকিয়ে বলেছিল, “যাইমন লাইগছে বইললাম। সব কথার জবাব দিবি লয়।”
​চেতন সেদিন বেঞ্চের এক কোণায় বসে চা খাচ্ছিল। সে উঠে এসে রমেশের কাঁধে হাত রেখেছিল। “কী গতিক গো রমেসা? মাথাটা কি তর গরম হয়ে গেইছে? ছোটনকার সাথিকে এমন কইরে ক্যানে বলছিস?”
রমেশ ঝটকা মেরে হাতটা সরিয়ে দিয়েছিল, “তু চুপ থাক খুড়া। তু ইসবের কী বুঝিস? দিনকাল বেইদলে গেইছে। হামদের ধম্মকর্ম হামদেরকেই বাঁইচাতে হাবেক।”
​চেতন একটা গভীর শ্বাস ফেলে বলেছিল, “ধম্ম কি কোনো দুর্বল লতাপাতা বঠে রে রমেসা, যে তোকে বাঁইচাতে হাবেক? উ তো বুকের ভিতরকার জিনিস। আর দিনকাল বদলায় নাই বাপ, বদলায়ছে তর মনের নজর।”
​কিন্তু চেতনের সেই দর্শনে চিঁড়ে ভেজেনি। বিষবাষ্প দ্রুত ছড়িয়ে পড়েছিল। গ্রামের উত্তরে মুসলমান পাড়া আর দক্ষিণে হিন্দুদের পাড়ার মাঝখানের মেঠো পথটা যেন অলক্ষ্যেই একটা কাঁটাতারের বেড়া হয়ে দাঁড়াচ্ছিল। যে রহমত আর হরিহর পুরোহিত রোজ সন্ধ্যায় এক দাওয়ায় বসে তামাক খেত, তারা একে অপরকে এড়িয়ে চলতে শুরু করল।
​চেতন পাগলের মতো ছুটে বেড়াত এদিক থেকে ওদিক। সে বুঝতে পারছিল, একটা বিরাট মেঘ ঘনিয়ে আসছে। সে সিরাজের কাছে গিয়ে বলত, “সিরাজা, তু পড়ালেখা করা ছিলা বঠিস। তু ক্যানে ইসব গুজবে কান দিছিস? উয়ার কথায় রাগ করিস না বাপ।”
সিরাজ মুখ শক্ত করে বলত, “খুড়া, হামরা কারুর দয়ায় বাঁইচে লাই। উয়ারা যদি চোখ রাঙায়, হামরাও চোখ রাঙাতে জানি। তু মাঝখানে আসবি লাই।”
​চেতন বুঝত, এই ভাষা সিরাজের নয়, রমেশেরও নয়। এই ভাষা সেই অদৃশ্য দানবের, যে এই গ্রামের সহজ মানুষগুলোর মগজে ঢুকে বসেছে। সে রাতের পর রাত ঘুমোতে পারত না। দাওয়ায় বসে শূন্য অন্ধকারে তাকিয়ে বিড়বিড় করত, “ই মাটি বড় রুক্ষ রে… হেথা একসাথি না থাকলে, সবাই মিলে শুকায়্যে মরতে হাবেক। ই কথা উয়ারা ক্যানে বুঝছে লয়?”

​আর তারপর এল সেই অভিশপ্ত সন্ধ্যা।
​গতকালের কথা। আকাশের রংটা যেন আগে থেকেই লাল হয়ে ছিল। বাতাসে উসখুস করছিল একটা চাপা উত্তেজনা। একটা ছোট ঘটনা—জমিজমা ঘেরা নিয়ে তর্ক—আর তাতেই যেন বারুদের স্তূপে দেশলাই পড়ে গেল। মুহুর্তের মধ্যে গুজব রটে গেল যে এক পাড়ার লোক অন্য পাড়ায় হামলা করতে আসছে।
​সন্ধ্যা নামার আগেই তেঁতুলতলার কাছে দুই দল মুখোমুখি। একদিকের নেতৃত্বে রমেশ, অন্যদিকের নেতৃত্বে সিরাজ। হাতে লাঠি, বল্লম, টাঙি আর জ্বলন্ত মশাল। মশালের আলোয় তাদের মুখগুলোকে চেনা মানুষের মতো লাগছিল না; লাগছিল আদিম যুগের কোনো হিংস্র শিকারির মতো।
​”এক পা আগাবি তো লাশ ফেইলে দিব সিরাজ!” রমেশের গলা ফেটে যাচ্ছিল।
“আয়! দেখি কার ঘাড়ে কটা মাথা!” সিরাজের হাতে ঘুরছিল একটা ভারী লাঠি।
​গালিগালাজ, উন্মত্ত চিৎকার আর মশালের ধোঁয়ায় দমবন্ধ করা একটা পরিস্থিতি। ঠিক তখনই, অন্ধকারের বুক চিরে ছুটে এসেছিল চেতন মণ্ডল। খালি গা, পরনে একটা খাটো ধুতি। হাওয়ায় উড়ছিল তার পাকা চুল। দুই সশস্ত্র, উন্মত্ত দলের ঠিক মাঝখানে এসে দু-হাত ছড়িয়ে দাঁড়িয়েছিল সে।
​”থাম তোরা! সব থাম!” চেতনের গলাটা যেন বাজ পড়ে ফেটে গিয়েছিল।
​মুহূর্তের জন্য থমকে গিয়েছিল দুই দল।
“সরে যা খুড়া! আজ হামদের ফয়সালা হয়ে যাবেক।” রমেশ চিৎকার করেছিল।
“কিসের ফয়সালা রে?” চেতন কেঁদে ফেলেছিল, “কার ফয়সালা করবি? যে সিরাজের বাপ তর বাপকে নিজের কাঁধে কইরে হাসপাতাল লিয়ে গেছিল, তার বেটার বুক চিরে ফয়সালা করবি? আর সিরাজ? তু রমেশকে মারবি? গত সনে তর জমিতে যখন জল ছিল লাই, ই রমেশই তো নিজের পাম্প চালিয়ে তর ধান বাঁইচায়ছিল! আজ তোরা ইসব ভুইল্যা গেলি? রাজনীতি তোদের এতই অন্ধ কইরে দ্যেছে?”
​”বুড়া ভাট বকছে! সরা উয়াকে!” পিছন থেকে কে যেন চেঁচিয়ে উঠেছিল।
​ভিড়টা আবার ফুঁসে উঠেছিল। অন্ধকারের মধ্যে কে কার দিকে এগোচ্ছে, কে কাকে মারছে, কিছুই বোঝা যাচ্ছিল না। একটা বিশৃঙ্খল কোলাহল। রমেশ আর সিরাজের দল একে অপরের দিকে ধেয়ে গেল।
​চেতন তখনো দু-হাত প্রসারিত করে দাঁড়িয়ে। সে সরেনি। সে সরতে পারেনি। তার মনে হয়েছিল, সে যদি আজ সরে যায়, তবে তার এই সংসারটা চিরকালের মতো টুকরো হয়ে যাবে। সে আপ্রাণ চেষ্টা করছিল লাঠিগুলোকে আটকাতে।
​হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা ধারালো টাঙি সশব্দে নেমে এল। লক্ষ্যটা ছিল সিরাজের দিকে, কিন্তু মাঝখানে এসে পড়েছিল চেতন। টাঙির ফলাটা সোজা গেঁথে গেল চেতন মণ্ডলের ডানদিকের পাঁজরের নিচে।
​একটা আর্তনাদও করেনি চেতন। শুধু একটা চাপা গোঙানি। তারপর সেই বিশাল তেঁতুল গাছটার নিচে, লাল ধুলোমাখা মাটিতে লুটিয়ে পড়েছিল সে।
​রক্তের ফিনকি ছুটেছিল। সেই রক্ত ছিটকে পড়েছিল রমেশের গায়ে, সিরাজের মুখে। আর সেই রক্তের উষ্ণতাতেই যেন মুহূর্তের মধ্যে সম্বিত ফিরে পেয়েছিল গোটা গ্রাম। হাতের অস্ত্রগুলো খসে পড়েছিল মাটিতে।
​”খুড়া!” রমেশ আর সিরাজ একসাথে ছুটে এসেছিল।
​মাটিতে পড়ে থাকা চেতনের বুক থেকে তখনো ফিনকি দিয়ে রক্ত ঝরছে। সে খুব কষ্ট করে চোখ মেলেছিল। মশালের আলোয় তার মুখটা অদ্ভুত রকমের শান্ত দেখাচ্ছিল। সে তার দুই হাত বাড়িয়ে রমেশ আর সিরাজের হাত দুটো ধরেছিল।
​তার শেষ কথাগুলো খুব অস্পষ্ট ছিল। ​সে চোখ বুজেছিল। চিরকালের জন্য।

​আজ সকালে তেঁতুলতলার সেই নিস্তব্ধ প্রাঙ্গণে বসে রমেশের মনে হচ্ছে, চেতন খুড়ার বুকের ওই রক্তটা আসলে একটা ঋণ। এমন এক ঋণ, যা তারা কোনোদিন শোধ করতে পারবে না। সিরাজের মনে হচ্ছে, ওই মৃতদেহটা শুধু চেতনের নয়, ওটা যেন তাদের গোটা গ্রামের বিবেকের মৃতদেহ।
​কিছুক্ষণ পর গ্রামের বয়স্ক মাস্টারমশাই এগিয়ে এলেন। তাঁর গলাটা ভারী। তিনি বললেন, “চেতনকে হামরা আজ মাটির বুকেই সঁপে দিবঁ। উ কোনো নির্দিষ্ট ধম্মের ছিল লাই, উ ছিল হামদের এই পলাশডিহার আত্মার আত্মীয়।”
​তেঁতুলতলার অদূরে খাদের ধারে পলাশ, শাল আর খয়ের কাঠ দিয়ে সাজানো হলো চিতা।চিতায় যখন চেতনের নিথর দেহটা শায়িত করা হলো, তখন এক অভূতপূর্ব, অলৌকিক দৃশ্যের সাক্ষী হলো পলাশডিহা। চিতার একপাশে দাঁড়িয়ে হরিহর পুরোহিত অগ্নিকোণে জল ছিটিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন, আর তাঁর পিছনের ভিড় থেকে আকাশ চিরে উঠল ‘হরি বোল’ ধ্বনি। ঠিক সেই একই সময়ে চিতার অপর পাশে দাঁড়িয়ে রহমত চাচা, সিরাজ আর গ্রামের বাকি মুসলমানেরা দু-হাত তুলে আল্লার দরবারে মৃতব্যক্তির আত্মার শান্তির জন্য সমস্বরে পড়লেন জানাজার দোয়া— “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
​বৈদিক মন্ত্র আর কোরআনের আয়াতের সুরগুলো অগ্নিকুণ্ডের লেলিহান শিখা আর ধোঁয়ার সাথে মিশে পাক খেয়ে উপরে উঠতে লাগল। কেউ কারও প্রার্থনায় বাধা দিল না । এক আশ্চর্য ঐকতান বেজে উঠল মৃত্যুশোকের প্রান্তরে।
​ ধোঁয়ায় আকাশটা যখন ভরে গেল, তখন মনে হলো যেন চেতন মণ্ডলের আত্মা ওই ধোঁয়ার সাথে মিশে গোটা গ্রামের চারপাশে একটা অদৃশ্য আচ্ছাদন তৈরি করে দিল। যে আচ্ছাদন কোনোদিন কোনো রাজনীতির বিষ, কোনো সাম্প্রদায়িক ঘৃণা ভেদ করতে পারবে না।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?