এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

দ্রোহ

কণিকা দাস

সারারাত ট্রেনে জয়িতার সাথে একটাও কথা বলেনি রাতুল, ঘুমায়নি পর্যন্ত। হঠাৎ মায়ের ফোন করার কারণ সম্পর্কিত ধোঁয়াশা আর তার ওপরে জয়িতার ঘ্যানঘ্যানানি সব কিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে মাথার ভিতর। সারারাত সেই জট খোলার চেষ্টায় এপাশ-ওপাশ করেছে কেবল। ঘুমের দেখা আর মেলেনি। চারদিক ফর্সা হওয়ার আগেই জানলার পর্দা সরিয়ে বাইরের দিকে উদাসীন তাকিয়ে বসে থাকে।

গত পরশু সন্ধ্যায় মায়ের ফোন পেয়ে শিলিগুড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলো রাতুল। জয়িতাকে শুধু বলেছিল, “আমি শিলিগুড়ি যাচ্ছি তুমি গেলে যেতে পারো।” কি কথা হলো মায়ের সাথে, কেনই বা এত তড়িঘড়ি শিলিগুড়ি যাচ্ছে তার বিন্দু-বিসর্গও জানেনা জয়িতা। জানেনা কারণ ফোন রাখার পর থেকেই রাতুল মুখে কুলুপ এঁটে বসে আছে। অন্য সময় হলে জয়িতা কিছুতেই যেতে রাজি হতো না। শিলিগুড়ি ওর কাছে একটা অস্বস্তির জায়গা। শহর কলকাতার পরিবেশ আর পারিপার্শ্বিকতায় বড় হওয়া এবং ছোট থেকে বাবার বাড়ির কালচারে অভ্যস্ত হওয়ার কারণে কিছুতেই শিলিগুড়িতে মন বসাতে পারেনা সে। তাছাড়া এ তিন বছরে শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেওয়ার ইচ্ছে বা মানসিতা কোনটাই ছিল না জয়িতার।

রাতুলকে বারবার জিজ্ঞেস করেও কোনো জবাব না পেয়ে জয়িতার কৌতূহল বেড়ে যায়। ব্যাপারটা চোখে না দেখলে সে নিশ্চিন্তে কলকাতায় বসে থাকতে পারবে না। যা অস্থির দেখাচ্ছে রাতুলকে। তবে কি মারাত্মক কিছু?

মনে মনে উত্তর খুঁজতে চেষ্টা করে জয়িতা— ”বাবার শরীর খারাপ, নাকি মায়ের? নাকি শিলা আবার কিছু করে বসলো। এই মেয়েকে বিশ্বাস নেই বাবা। যা পাজি মেয়ে! এখানে যে দু’মাস ছিল একেবারে হাড়-মাংস জ্বালিয়ে খেয়েছে। ইঁচড়ে পাকা মেয়ে। পড়ার নাম করে এসেছে অথচ সে দিকে মন নেই। কেবল সাজুগুজু আর মোবাইলে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং। একেবারে অসহ্য লেগেছে।”

শিলা রাতুলের বোন। রাতুলের থেকে দশ বছরের ছোট। এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভাল হওয়ায় দাদার কাছে থেকে যাদবপুরে বা অন্য কোনো ভাল কলেজে পড়ার খুব ইচ্ছে ছিল। দাদাও বোনকে প্রতিশ্রুতি দিয়েছিল ওর কাছে রেখে কলকাতার ভালো কোন কলেজে পড়াবে। তাই কলকাতায় আসা। রাতুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নামি কোম্পানিতে চাকরি করে, প্রচুর বেতন। গড়িয়াতে নিজস্ব থ্রি বিএইচকে ফ্ল্যাট।

কিন্তু জয়িতা কিছুতেই ওর ফ্ল্যাটে শীলাকে রাখতে রাজি নয়। মুখে কিছু না বললেও ব্যবহারে বুঝিয়ে দিয়েছে। এই অন্যায় ব্যবহারে সংসারের শান্তি বজায় রাখতে রাতুলও হার মেনেছে স্ত্রীর কাছে। শেষ পর্যন্ত শিলা বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। তারপর থেকে রাতুলও জয়িতাকে শিলিগুড়ির ব্যাপারে কোন কথাই বলেনা।

ছেলেরা বড় অসহায়। একদিকে পরিবার অন্যদিকে স্ত্রী। এই টানাপোড়েনে পড়ে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে।

জয়িতা ট্রেনে বসে ভাবতে থাকে— যা জেদী মেয়ে! আবার কিছু করে বসলো না তো? তাহলে রাতুল যে ওকে কিছুতেই ক্ষমা করবে না। তিন বছরে রাতুলকে তো সে অনেকটাই চিনেছে।

ট্রেন যত এগোতে থাকে জয়িতার দুশ্চিন্তাও ততই বাড়তে থাকে। রানিডাঙ্গা এসে ট্রেন দাঁড়াতেই জয়িতার হার্টবিট বেড়ে যায়। আর দশমিনিট পরই নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর বাড়ি। কী জানি কী দেখবে বাড়ি গিয়ে। শেষে থানা-পুলিশ, একটা বিশ্রী ব্যাপার না হয়ে যায়!

বাড়ি ভর্তি মিডিয়ার লোকজন। জয়িতা বাড়ির সদর দরজায় পা রাখতেই সবগুলো ক্যামেরা ওর দিকে ধেয়ে এল। সাংবাদিক প্রশ্ন করছে— বলুন আপনার ননদের সাথে কেমন সম্পর্ক ছিল? সুইসাইড নোটে লেখা ছিল আপনার কারণে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাই চলে গেল পৃথিবী ছেড়ে। বলুন তা-কি সত্যি? কানের মধ্যে যেন মাছি ভনভন আওয়াজ তুলতে থাকে সবার সমবেত কথার শব্দ।

নাহ্!— অজান্তেই অস্পষ্ট একটা আর্তনাদের শব্দ উঠে আসে জয়িতার মুখে। আড়চোখে একবার দেখে নিয়েই চোখ ফেরায় রাতুল। চোখাচোখি হতে জয়িতার হার্টবিট আরো বেড়ে গেল। কল্পনা যদি সত্যি হয় তখন রতুল ওর পাশে থাকবে তো?

বাড়ির গেটের সামনে টোটো থামলে দেখে সব নিস্তব্দ! কাঁপা কাঁপা হাতে গেট খুলে ঢোকে বাড়ির ভিতরে। গেট খোলার শব্দ শুনে বাবা বারান্দায় এসে রাতুলের মাকে ডেকে ওদের আসার খবরটা দেয়। তারপর বারান্দার দরজার তালা খুলতে খুলতে বলে, “এসে গেছিস ভালোই হলো। বউমাও তো এসেছে দেখছি।” শ্বশুরমশাইয়ের নিস্পৃহ কথায় জয়িতার মনের ধন্দ আরো বেড়ে যায়। বুঝতে পারছেনা কি কারণে ওর মা আর্জেন্ট আসার জন্য ফোন করলো! শিলার কোনো সাড়া পাওয়া গেল না। কি জানি পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে?

জয়িতা ব্যাগ নিয়ে ওদের ঘরে চলে গেল। রাতুল ফ্রেশ হয়ে নিয়ে চা জলখাবার খেতে খেতে মাকে প্রশ্ন করে— কেন এভাবে ডেকে পাঠালে? আমি তো ভাবলাম তোমাদের কিছু….এমন সময় শিলা ডাইনিংএ ঢোকায় কথা শেষ করতে পারেনা রাতুল। মোবাইলে কারো সাথে কথা বলছে। ওর দিকে তাকিয়ে থাকে রাতুল। আজ শিলাকে একটু বেশি চঞ্চল দেখাচ্ছে। কলকাতা থেকে আসার সময় দাদার সাথে একটাও কথা বলেনি শিলা। রাতুলও ফোনে সরাসরি কোন প্রশ্ন মাকে করতে পারেনি ওর সম্পর্কে। মা-ও নিজে থেকে কিছু বলেনি। এই দু-তিন মাসে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে রাতুলের সাথে অন্য সবার। পরোক্ষভাবে জানতে পেরেছিল শিলা শিলিগুড়ি কলেজে ভর্তি হয়েছে বোটানি নিয়ে।

শিলাকে দেখে মনে হলো না যে শীলা ওর প্রতি রাগ পুষে রেখেছে। ফুরফুরে মেজাজে মোবাইলটা টেবিলে নামিয়ে রেখে রাতুলের মুখোমুখি চেয়ারে বসে। কিছু একটা বলতে যাবে, এমন সময় শিলার কয়েকজন বন্ধু হই হই করে ঘরে ঢুকে শিলাকে উইশ করে। তাদের হাতে ফুলের বিশাল তোড়াটা দেখে রাতুলের বুঝতে অসুবিধা হয় না যে, একটা সুসংবাদ আছে। জন্মদিন তো নয়, তাহলে….!

ওরা শিলার ঘরে চলে গেলে রাতুলের বাবা-ই প্রথম কথা বলে— আজ শিলা লন্ডন যাচ্ছে। ওর বন্ধু সুতপাকে তো চিনিস। ও যাদবপুরে ভর্তি হয়েছিল। শিলা কলকাতা থাকাকালীনই সুতপা আর শিলা স্কলারশিপের জন্য এপ্লাই করেছিল। সেটা পেয়ে যাওয়ার পর সুতপার বাবার সাথে কথা বলে ঠিক করেছি ওর স্বপ্নটা পূরণ হোক। আজ বেলা তিনটায় ওদের ফ্লাইট। দিল্লি হয়ে লন্ডন ভোর পাঁচটার ফ্লাইটে। সুতপার বাবা-মা যাচ্ছে দিল্লিতে। তাই আমরা দিল্লী আর যাচ্ছি না। বাগডোগরা পৌঁছে দিয়ে আসব।

ততক্ষণে জয়িতাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসেছে। জয়িতার দিকে তাকায় রাতুল। কিছুক্ষণ চুপ থেকে বলে, “আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলে না? এত ভালো একটা খবর। খরচও তো….।”

বাবা যেন এই প্রশ্নটার জন্য তৈরিই ছিলেন। তাই রাতুলের কথা শেষ হতে না হতেই তিনি বলতে থাকেন— “তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াতেও আমার অনেক খরচ হয়েছে। তোমার ফ্ল্যাটের জন্যও কিছু টাকা আমরা দিয়েছি। তবে তখন আমি চাকরি করতাম। এখন আমি যা পেনশন পাই তাতে ওকে বিদেশে পড়ানো সম্ভব নয়। স্কলার্শিপ পেয়েছে বলে পড়ার খরচ লাগবে না। তবুও তো যাতায়াত ভাড়া এবং থাকা-খাওয়া বাবদ খরচ আছে। তাই আশিঘরে যে জায়গাটা ছিল সেটা বেঁচে দিয়েছি। বাকিটা স্টুডেন্ট লোন। তোমাকে বলিনি কারণ তোমার এখন নিজের সংসার হয়েছে। নিজের ভালো-মন্দ বুঝতে শিখেছ।”

খোঁচাটা রাতুলের অন্তরে তীরের ফলার মতো গিয়ে লাগলো। তবে রাতুল বুঝতে পারে কোন্ অভিমান থেকে বাবা এ কথাগুলো বলছে। মনে মনে বলে, আমায় ভুল বুঝো না বাবা। আমিও যে জ্বলে পুড়ে যাচ্ছি কিন্তু কি করব? আমি যে বড্ড অসহায় বাবা।

শিলা আরেকবার দেখে নেয় ওর পাসপোর্ট, টিকেট আর অন্যান্য দরকারি কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা। তারপর ট্রলিব্যাগ খুলে জামা-কাপড় আরেকবার দেখতে থাকে। সেই সময় রাতুল বোনের ঘরে গিয়ে ওর পিঠে হাত রাখতেই চমকে পিছনে তাকায় শিলা।

“আমি তোর খুব খারাপ দাদা তাই না রে! তাই আমাকে এ ব্যাপারে কিছুই জানাসনি!” দু’চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ে শিলার পিঠের উপর।

শিলা কোন রকমে নিজেকে সামলে নিয়ে ঢোক গিলে নেয়। তারপর সময় নিয়ে বলে— “না রে দাদা। আমি তো তোরই বোন। তাই ভাবলাম দেখিনা একা একা চেষ্টা করে। সুতপারও তো কোনো দাদা নেই। ও যদি পারে আমি কেন পারব না? ভেবে নিলাম আমারও কেউ নেই।” এক বুক অভিমান ঝরে পড়ে শিলার কথায়। কান্না আটকাতে ছুটে বেরিয়ে আসতে গিয়ে দরজার সামনে জোরে ধাক্কা খায়।

দেখে জয়িতা কখন যেন দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে।

ছবিঃ তৌসিফ হক/সংগৃহীত

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?