আগ্রাসন
মনোতোষ আচার্য
গাছেদের ঈশ্বর মানি। সবুজ রঙের এক অবিরল ধারা আকাশের
ক্যানভাসে ছড়িয়ে ছিটিয়ে এঁকে চলেছেন নীরব নির্বিকল্প খেয়ালি
ঈশ্বর। অঙ্কুর থেকে নি:শব্দ যাপন মহীরুহে। মরণের চর থেকে
মহৌষধি সভ্যতা শেখায়।
গাছেদের আজীবন ঈশ্বর মানি। আমার দু:সহ দিনে কাঁপে
বনভূমি। ঋণভার রেখে যাই জঙ্গল টিলায়। সান্ধ্য চাঁদ মায়াবী
মেঘের ধূমাবতী দেখে মুগ্ধ হই। আমৃত্যু ঋণের কথা চুপিচুপি
বাতাসকে বলি।
বালিখাদানের কালোরাত গাছেরাও জানে
আরও কত গভীর চক্রান্ত খনিকথা
ঈশ্বর চরমপন্থী ছাড় দেন,
কিন্তু ছেড়ে দেন না মানুষের আগ্রাসী কুঠারের ভাষা।







