আসলে রাজায় রাজায় যুদ্ধে সাধারণ মানুষের বিশেষ কিছু বলার উপায় নেই। যুদ্ধ বলতেই মনে পড়ে মেঘনাদবধকাব্য। মানে মধুসূদন, নিকুম্ভীলা যজ্ঞাগার, কৌশলে এবং বিশ্বাসঘাতকতায় পরাস্ত হন মেঘনাদ।
মেঘনাদ, মধুসূদন বাদই দিলাম, আদৌ কী একজন নীতিবান, সৎ এবং নিরপেক্ষতার প্রতীক?
এ’কথা বলা যাবে না। রাজতন্ত্র যত ডানা মেলেছে, রাজা রাবণ যতই মেতে উঠেছেন শত্রুকে পরাস্ত করার খেলায়, প্রজাদের থেকে ততই দূরে সরেছেন তিনি। মেঘনাদ ইন্দ্রজিতের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। রাজ্যের প্রান্তে প্রান্তে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জমান রাক্ষসকূলকে তিনি শাসন করেছেন বলে আমাদের বিশেষ জানা নেই! ফলে যা হবার ঠিক তাই হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাম্রাজ্য। ভাঙন আরও নিম্নগামী। এবং স্বাভাবিকও ।
আমরা দেখেছি প্রবল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় এসেছে বিজেপি এবং একেবারেই বিরোধী তৃণমূলকে দূরমুষ করেই। এই পর্যন্ত আমাদের বিশেষ কিছু বলার থাকে না। ২০১১-তে তৃণমূল সরকার এসেছিল প্রায় একইরকম জনপ্রিয়তাকে সম্বল করে।
কিন্তু শুধু এইটুকু বলে আমরা চুপ করে যেতে পারলাম না। কেননা আমরা দেখলাম নির্বাচনের আগে আমাদের বাংলায় প্রায় ঘাড় ধাক্কা দিয়ে নব্বই লক্ষ মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করা হল SIR এর নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, যাতে পশ্চিমবঙ্গের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক স্থিরতাকে নষ্ট করা হল। সাঁজোয়া গাড়ির যে সাজ পুরো দেশে সামরিক অভ্যুত্থানে প্রয়োজন হয়, তাদেরকে নিয়ে এসে বিরোধীকে প্রায় কোনও সুযোগ না দিয়েই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা হল! আমাদের আপত্তি এই ভোটিং মেশিনারিতে, সেন্ট্রাল এজেন্সিগুলির এমত ব্যবহারে। এবং আমরা এটাও জানি, শুধু এই বলেও অনেক কথাই বলতে পারলাম না আমরা! তৃণমূলের এমনিতেই এক্সপায়ারি ডেট এসেছিল, আজ না হয় কাল এমনিতেই অপমৃত্যু ঘটত। তাও সকলের সকলের চোখের সামনে যে নাটকটি মঞ্চস্থ হল, তার সঙ্গে তুলনা চলে মহাভারতের পাশাখেলা এবং দ্রৌপদীর লজ্জাহরণের সঙ্গেই।
যাইহোক পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে সবে একমাস। বিপুল মানুষের আশা, আকাঙ্খার দায়িত্ব তাদের ওপর। একটি কৃষিপ্রধান রাজ্যের ‘ডেমোগ্রাফি’ পালটে শিল্পের জোয়ার আনার বিপুল চাপ তাদের নিতে হবে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির যে ঘূণপোকা বাসা বেঁধেছে সেখান থেকে রাজ্যকে পথ দেখানোর গুরুদায়িত্বও তাদের কাঁধে। অভিনন্দন জানাই নবনির্বাচিত সরকারকে। অন্তত ছয় মাস নতুন সরকারের কাজকর্মের নিরলস দর্শক হওয়া প্রয়োজন আমাদের।
কিন্তু এখানেই আশঙ্কার কালো মেঘ। দেশজুড়ে এই একই দলের সরকার কিন্তু বিরোধী সমস্ত স্বরের কণ্ঠরোধ করেছে, কৌশলে কোনো মিডিয়ার শব্দই আমাদের কান পর্যন্ত পৌছতে দেয়নি। ভয়টা নেহাত অমূলক নয় এখানেও। কবেকার কোন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য গ্রেফতার হয়েছেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়। পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এফয়াইয়ার করা হচ্ছে বেছে বেছে। বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খেটে খাওয়া মানুষের দোকানপাট! বুলডোজার অপসংস্কৃতি আমাদের দৈনিক অভ্যাসে ছিল না। গণতন্ত্রে নির্বাচিত সরকারের এরকম অনেক কাজকর্মই বিস্ময় জাগিয়েছে আমাদের।
আমরা রেলশহর থেকে প্রকাশিত একটি অনিয়মিত লিটল ম্যাগাজিন, যারা স্বভাবচরিত্রে দল-নিরপেক্ষ হলেও অরাজনৈতিক নয়। ছোটো একটা রেলনগর, তার থেকেও সীমিত কিছু পাঠক আমাদের। গণতন্ত্রের এই সামান্য পরিসর আমাদের জন্য যথেষ্ট নয় বলেই আমাদের মনে হয়। আশা করি, রাজনৈতিক জার্গনে আর মব-ভায়োলেন্সে আরও সীমিত হয়ে উঠবে না আমাদের উদার আকাশ!
ছবি-ঋণঃ শাটারস্টক।







