ভাস্কর বাগচী
অবশেষে প্রতীক্ষার শেষ। সকাল নটার আধঘন্টা আগেই লালকুয়া এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল লাল কুয়াতে। অভিজ্ঞ কুমায়ুন ভ্রমণ বিশেষজ্ঞ শচীন সুয়াল আত্মীয়ের বিয়ের জন্য আসতে পারবেন না আগেই জানিয়েছিলেন। হুমায়ুন বিশেষজ্ঞ এই মানুষটির উপকার কখনোই ভুলবো না। ওরই পরিচিত নীতিন তার টয়োটা ইনোভা গাড়ি নিয়ে অপেক্ষা করবে আমাদের জন্য তেমনি কথা ছিল । ফোন করে জানা গেল নীতিনও আসতে পারছে না। ওর দাদা গৌরব অপেক্ষা করছে আমাদের জন্য নীতিনের গাড়িটি নিয়ে । সুদর্শন ও সুপুরুষ দীর্ঘকায় বছর ত্রিশের গৌরব আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার পদে কর্মরত রামনগরে। ছুটিতে বাড়ি এসেছে। দক্ষ হতেও গাড়ি ড্রাইভ করা শুরু করল। হলদোয়ানি কাঠগোদাম হয়ে গাড়ি চলল নৈনিতালের দিকে।। কাঠগোদাম পেরোতেই গৌরব আমাদের দাঁড় করালো দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট উদিপিওয়ালা’য় ব্রেকফাস্টের জন্য। শীততাপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন রেস্তোরাঁটি আমাদের মন কাণ্ড সহজেই তাদের খাদ্য পরিবেশনের গুণে। বেলা বারোটা নাগাদ পৌছালাম নৈনিতালে। পরিচ্ছন্ন শহর নৈনিতালের মূল কেন্দ্রে নৈনি লেক। মেন রোড দিয়ে গাড়ি চড়ছে চড়াই এর দিকে। লেক এর নিচের অংশকে বলা হয় তল্লি তাল। তল্লি মানে নিচু আর মল্লি হল উপরের অংশ। তল্লিতাল আর মল্লিতাল এই নিয়ে কুমায়ুনের শৈলপুরী নৈনিতাল।
মল্লিকাল এর ধারে পাশেই অগুন্তি হোটেল। শচীন সুয়ালের ঠিক করে দেওয়া হোটেল সিদ্ধার্থ এ পৌছালাম আমরা। গৌরব এখান থেকেই বিদায় নিল পরের দিন নীতিনকে পাঠাবে আশ্বাস জুগিয়ে।
দুপুরে খাওয়া দাওয়া করে ক্ষণিকের বিশ্রাম। হোটেলের পোর্টিকো থেকে দেখা যাচ্ছে লেকে ভাসছে ছোট ছোট শিকারা। ছোটদের আর তর সইছে না। ওদের তাগিদেই আমরা তৈরি হয়ে রওনা দিলাম বোটিং এর উদ্দেশ্যে। হোটেলের সামনের ঘাট থেকে নৌকা ছাড়ছে। চুক্তি হল আমাদের পুরো লেক ঘুরিয়ে ছেড়ে দেবে নয়না দেবী মন্দিরের কাছে। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তিকে দেবী দুর্গারই এক রূপ বলে মনে করা হয়। এই দেব স্থানেই সতীর বাম নয়ন পড়েছিল তাই দেবীর নাম নৈনি আর শহরের নাম নৈনিতাল। পাশেই তিব্বতি মার্কেট। পর্যটকদের মেলা বসেছে সেখানে। বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর মোমবাতির মেমেন্টো। ওখান থেকে আমরা গেলাম রোপওয়ে কাউন্টারে। জন প্রতি ২০০ টাকার টিকিটে রোপ ওয়ে পৌঁছে দেয় ৭০০ মিটার উচ্চতার স্নো ভিউ পিক এ। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দূরবীনের সাহায্যে হিমালয়ের বেশ কিছু বিখ্যাত গিরিশৃঙ্গকে দেখতে পাওয়া যায়। আমরা অবশ্য কিছুই দেখতে পেলাম না ধুনধ অর্থাৎ কুয়াশা থাকায়। তবে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর। কিছুক্ষণ ঘোরাঘুরির পর রোপ ওয়েতে ফিরলাম নিচে। মেইল রোডে হাঁটতে হাঁটতে হোটেলে।
পরের দিন সকালে উঠেই প্রাতঃভ্রমনে বেরিয়ে একাই হাঁটতে লাগলাম ম্যাল রোড দিয়ে। এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়। ভোর পাঁচটাতেই মিঠে রোদ পাহাড়ের গা বেয়ে চুঁইয়ে নামছে। নয়না দেবীর মন্দিরের পাশ থেকে ছবি তুলছিলাম লেকের জলে ভাসমান রাজ হাঁসদের। হঠাৎই পিঠে টোকা পড়তে দেখি একজন পুলিশকর্মী বলছেন- আপকো ম্যাডাম বুলা রহি হ্যায়। ভয় পেলাম না জেনে ফটো তুলে কি নিয়ম ভাঙলাম নাকি! একটু এগোতেই দেখি নীল জিন্স ও আকাশি কুর্তি পরনে একজন বছর পঞ্চাশের ভদ্রমহিলা হাত নেড়ে আমায় ডাকছেন। কাছে পৌঁছাতেই পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলেন,’ আপনি বাঙালি?’ আমায় আরো অবাক করে দিয়ে তিনি বললেন- ‘ আমি বহুদিন কলকাতায় ছিলাম।’ নিজের পরিচয় অবশ্য কিছু দিলেন না। কিছুক্ষণ পরে যখন ফটো তুলে ফিরে আসছি তখন দেখলাম একটি লাল বাতির দুধ সাদা scorpio গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে সেই পুলিশটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম যে আমাকে ডেকে নিয়ে এসেছিল। এতক্ষণে বুঝলাম সে ম্যাডামের দেহরক্ষী। ওকে জিজ্ঞেস করে জানা গেল ম্যাডাম উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি। মন্দিরে পূজা দিতে এসেছেন।
ফিরে এসে স্নান সেরে সবাই তৈরি হয়ে নিলাম। নীতিনের আসার কথা সকাল সাড়ে নটায়। জ্যামে পড়ায় আসতে আসতে তার সাড়ে দশটা বেজে গেল। সেদিন আমাদের ঘোরার কথা কাছে পিঠে।
এখান থেকে ঘোরা যায় ল্যান্ডস এন্ড (5 কিমি) , হনুমান গড়ি(4 কিমি), কিলবারি(12কিমি) খুর পাতাল ও টাইগার কেভস(5কিমি) এবং কেইচি ধাম মন্দির(24 কিমি)।
নৈনিতাল থেকে চলার পথটি চিনা পিক রেঞ্জের জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। ঘন জঙ্গল, ওক, পাইন ও রডোডেনড্রন গাছে ছাওয়া। বেশ নির্জন পথ। গাড়ির সমাগম নেই। এই জঙ্গলে কিছু স্তন্যপায়ী প্রাণীর বসবাস থাকলেও প্রধানত পাখি দেখার জন্য পর্যটকরা এই পথে এসে থাকেন। সম্পূর্ণ চড়াই রাস্তাটি ধরে বেশ কিছুদূর যাওয়া হল। হঠাত্ করে পথের ডানদিক জুড়ে শ্বেতশুভ্র হিমালয় পর্বতশ্রেণীর আবির্ভাব। বিখ্যাত সব শৃঙ্গনন্দাদেবী, ত্রিশূল, পঞ্চচুল্লী দৃশ্যমান। গাড়ি থেকে নেমে প্রথম সূর্যালোকের প্রতিফলনে তাঁদের স্নিগ্ধ রূপ দেখেই কেটে যায় কিছুক্ষণ। আবার চলার শুরু। শেষের পথটুকু যাওয়ার সময়ই আমরা বেশ বুঝতে পারছিলাম যে পাখিদের রাজ্যে এসে পড়েছি। গাছের ডালে-ডালে তাদের কিচিরমিচির ডাক গাড়ির শব্দকে ছাপিয়ে কানে আসছিল। কিন্তু দেখা মিলছিল না। স্বভাব ভীরু পাখিদের দেখা পেতে যতটা নিস্তব্ধতা প্রয়োজন গাড়িতে চলতে-চলতে সেটা পাওয়া সম্ভব নয়। আর কিছুদূর এগোতেই মাইলফলক জানিয়ে দিল যে আমরা প্যাংগট পৌঁছে গেছি।
প্যাংগট একেবারেই ছোট একটি গ্রাম। গুটিকয়েক গ্রাম্য বাড়ি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাড়িগুলি নিচু, তাদের টিনের ছাদ, মেটে রং। চোখে পড়ার মতো কিছু নেই। গ্রামের মাঝ বরাবর একটা মাত্র রাস্তা এঁকেবেঁকে গিয়েছে, যার ওপর পিচের প্রলেপটুকু চোখে পড়ল না। গ্রামের মধ্যে একটাই চায়ের দোকান। তারপাশে পঞ্চায়েত অফিস দেখতে পেলাম। উলটোদিকে ডাকঘর। ডাকঘরেরই একদিকে আবার মুদিখানা। ছোট্ট গ্রামখানি আকাশ ছোঁয়া পাইন রডোডেনড্রন গাছে ঘেরাঠিক যেন ছবি। এমন জায়গায় পাখি দেখতে পাবেন না তো কোথায় দেখবেন! প্যাংগটে ইতি উতি ঘুরবেন আর তখনই আপনার আশেপাশে দেখতে পেয়ে যাবেন ম্যাগপাই, ব্ল্যাক হেডেড জে, লার্জ বিলড ক্রো।
প্যাংগটে থাকার জায়গা খুব বেশি নেই। এদের মধ্যে ‘জাঙ্গল লোর’ রিসর্টটিতে থাকার সুযোগ পেলে অবশ্যই থাকুন। এই রিসর্টটি যেন পাখি দেখার জন্যই তৈরি। এখানকার কটেজগুলিকে জঙ্গলের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রকৃতির সঙ্গে যোগাযোগটুকু ছিন্ন না হয়। ফলে প্রচুর গাছগাছালির মাঝে পাখিদের আনাগোনা অব্যাহত। এখানে গাছে-গাছে পাখিদের জন্য উপযোগী খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা করা আছে। ফলে আপনি আপনার কটেজের বারান্দায় বসে বসেই দেখে নিতে পারবেন গ্রে বুসচ্যাট, ব্লু হুইসলিং থ্রাস বা ইউরেশিয়ান জে’দের ওড়াউড়ি। বাইনোকুলারে চোখ লাগিয়ে দেখে নিন ব্লু থ্রোটেড ফ্লাইক্যাচারের পোকা ধরা।
‘জাঙ্গল লোর’-এ থাকলে সারাদিন নাম না জানা পাখিদের সঙ্গে আপনার মোলাকাত হতেই থাকবে। ওখানকার কর্মচারীদের জিজ্ঞেস করুন, তাঁরাও আপনাকে চিনিয়ে দেবেন পাখিদের। নাগাল্যান্ডের মেয়ে, কলকাতায় পড়াশোনা করা অ্যালেম এই রিসর্টটির ম্যানেজার। অতিথিদের দেখাশোনা, যত্ন, হিসেব-নিকেশসব দক্ষ হাতে সামলানোর পরও হাসিমুখে আড্ডা দিতে বসে পড়তে পারেন তিনি। কলকাতা থেকে এসেছি শুনলে জানতে চান ফেলে যাওয়া কলেজ, শহরের কথা।
পাখি দেখতে হলে সূর্য ওঠার ঘণ্টাখানেক আগে আপনাকে দিন শুরু করতে হবে। স্থানীয় গাইড পাবেন যাঁরা আপনাকে সঙ্গে করে জঙ্গলের ভিতরে নিয়ে যাবেন পাখি দেখাতে। গ্রামে গিয়ে আপনি নিজেও গাইড ঠিক করতে পারেন অথবা হোটেল থেকেও গাইডের বন্দোবস্ত করে দেওয়া হয়। গাইডের সঙ্গে জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হয়তো আপনি দেখে ফেলবেন রকমারী ফেজান্ট চির, কেকলাস বা কালিজ। নাম না জানা নানা বাহারী পাখি দেখতে-দেখতে, তাদের আশ্চর্য মধুর ডাক শুনতে-শুনতে হাঁটতে থাকুন। উপভোগ করুন পাহাড়ের নিস্তব্ধতা। ভাগ্যে থাকলে এক আধটা বার্কি ডিয়ার বা সম্ভব চোখে পড়তে পারে। লেপার্ড তো হিমালয়ে আছেই। তবে তাকে দেখার আশা না করাই ভাল। ক্লান্ত হয়ে হোটেলে ফিরে জমিয়ে ব্রেকফাস্ট করুন তারপর নিজের মতো বাকি সময়টা কাটান। সূর্যাস্তের আগে পাখিদের নীড়ে ফেরার সময় যদি তাদের দেখা চান, গাইড আবার আসবেন দ্বিতীয়বার আপনাকে জঙ্গলের কাছে নিয়ে যেতে। আর তা যদি না চান তো দুপুরের রোদ গায়ে মেখে গ্রামের একমাত্র চায়ের দোকানটিতে গিয়ে বসে পড়ুন। গল্প করুন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে শুনুন কত সামান্য ব্যবস্থায় এই পাহাড়ি মানুষগুলি তাঁদের জীবন অতিবাহিত করেন। মন ছুঁয়ে যাবে এঁদের সারল্য।
সব সুন্দরের মধ্যে একটিই অসুন্দর বা বলা ভাল আশঙ্কা মনকে পীড়া দেয়। এখানে সেখানে নির্মীয়মান কয়েকটি বহুতল হোটেল। উচ্চকিত পর্যটন অচিরেই ছাপ ফেলতে চলেছে পাখিদের রাজত্বে। পর্যটনের আধিক্য বেড়ে গেলে পাখিরা কি আর এমন কলকাকলিতে ভরিয়ে রাখবে প্যাংগটের? একরাশ আশঙ্কা নিয়ে প্যাংগট ছেড়ে এলাম এবারের মতো।





















