শুভজিৎ দত্তগুপ্ত
একটা ছোট্ট কুঁড়েঘরে মা একা থাকেন তাঁর ছোট ছেলে নিয়ে। ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে। তিনদিন তিনরাত ধরে মা তার পাশে বসে থাকে, চোখের পাতা এক করে না। কখনো গান গায়, কখনো গায়ে হাত বুলিয়ে দেয়, আবার কখনো চুপ করে তার নিঃশ্বাস শুনে।
একসময় ক্লান্তিতে মা ঘুমিয়ে পড়ে। সেই মুহূর্তে, নিঃশব্দে মৃত্যু এসে ছেলেটাকে নিয়ে চলে যায়। ঘুম ভেঙে মা দেখেন খালি খাট, ছেলের কোনো চিহ্ন নেই।
মা কাঁদতে কাঁদতে রাস্তায় ছুটে যায়। পথে দেখা হয় ‘রাত’-এর সঙ্গে। রাত বলে—”তুই যদি সেই সব গান গেয়ে শোনাস, যেগুলো তুই তোর ছেলেকে শোনাতিস, তাহলে আমি তোকে দেখাবো মৃত্যু কোন পথে গেছে।”
মা গলাটা ব্যথা করে গাইতে শুরু করে। অনেকক্ষণ গাওয়ার পর ‘রাত’ পথ দেখায়। মা ছুটে চলে এক কাঁটাগাছে পর্যন্ত। গাছটি বলে—”তুই যদি নিজের বুক চিরে আমার মধ্যে তাজা রক্ত ঢালিস, তবে আমি তোকে পথ দেখাবো।”
মা নিজের বুক ছিঁড়ে রক্ত ঝরায়। গাছটা কেঁপে উঠে পথ ছেড়ে দেয়। মা চলে যায় হিমশীতল এক জলাশয়ের দিকে। সেই জলাশয় বলে—”আমার পানি খুব ঠান্ডা, কিন্তু তুই যদি তোর চোখের আলো আমায় দিস, তাহলে আমি তোকে পার করে দেবো।”
মা দুচোখ তুলে দেয় জলাশয়কে। অন্ধ হয়ে সে জলে ঝাঁপ দেয়।
অবশেষে মা মৃত্যু-ঘরের দরজায় এসে পৌঁছায়। সেখানে অনেক শিশু ঘুমিয়ে, কেউ জীবিত, কেউ মৃত, কারো ভবিষ্যত অনিশ্চিত। মা সেখানেই দাঁড়িয়ে থাকে, চোখে আলো নেই, বুক ক্ষতবিক্ষত, গলায় গান নেই—তবুও আশায় বুক বেঁধে আছে।
তখন মৃত্যু তাকে প্রশ্ন করে—“তুই তোর ছেলেকে ফেরত পেতে চাস?”
মা চুপ করে।
মৃত্যু বলে—”তোর যদি বিশ্বাস থাকে, তাহলে আমি বিচার করবো কোনটা ঠিক—তোর ছেলেকে ফেরত দেয়া, না না-দেওয়া।”
মা তখন নিজের বুকের উপর হাত রেখে বলে—”আমি জানি না কী ঠিক, কী ভুল। কিন্তু তুমি যেটা ভালো মনে করো, সেটাই করো।”
শেষে, মা তার ছেলেকে ফিরে পায় কিনা, আমরা জানি না। কিন্তু আমরা জানি, সে একজন মা—যে নিজের সবকিছু বিসর্জন দিয়ে শুধু একটুকরো ছায়া খুঁজে ফিরেছে।







