নীল অপরাজিতা
মিঠু মন্ডল
এখন মনে উচ্চাঙ্গ সঙ্গীতের সুর। রাগ, রাগিনী, কোমল, শুদ্ধ, নিষাদ, গামার, সম্, এতক্ষণ লয়েই বাজছিল ঠিক, তবে এখন সব ঘেঁটে “ঘ”। বাজছে একবারে ত্রিতালা ঝালায়।
মা ডেকেছিল— ওরে কদ্দিন তুই আসিস না, কাল আয়, দুপুরে ভাত খাস আমার সাথে। শুষনি শাক, রসুনের বাটি চচ্চড়ি, পুকুরের পুঁটি, আর কামরাঙার টক। তাড়াতাড়ি আসিস। আহা , কতোদিন পর এতো সুখ!! মা ভাত বেড়ে দেবে।
আমি চলেছি মায়ের কাছে। পতিদেবের মোটর সাইকেল সেকেন্ড গিয়ারে, আমার একেবারে পথ যদি না শেষ হয় স্টাইল। মাঝ রাস্তা। বিকট শব্দ এন্ড টায়ার পাংচার।
পতিদেব কিক মারছেন। মারছেন তো মেরেই চলেছেন। পকেটের রুমাল ভিজে ট্যানা। মোটর সাইকেল মাথা ঝুঁকিয়ে কোঁকাচ্ছে, বিরতি ঘোষণা করছে অবিরাম।
আমি বটতলায় গুনগুনাচ্ছি—- ব্রহ্মা বোঝে আসল কম্মটি। ঠিক সময়ে পাংচার করিয়ে আমাকে ট্যাসালো, এক্কেবারে বরবাদ করে দিলো গো।
এখন তোমার সাধের মোটরসাইকেল। তুমি হ্যান্ডেল আর আমি পিছনে। চোখ দুটো একটা গ্যারেজ খুঁজছে শুধু। যেখানে পাংচারটা সারানো যাবে।
আমার চুল শ্যাম্পু , পালিশ মারা মুখ। ঘটনাচক্রে সবকিছু একেবারে কেলিয়ে “ক”। ভ্যাঁঙাচ্ছে। যেন আমার হাতে কেউ জামবাটি ধরিয়ে দিয়েছে। আর বাঁ হাতের সাধের ভ্যানিটি ব্যাগটাকে বাজার ব্যাগে ঢুকিয়ে আমি বোধহয় এবার মোটর সাইকেল ঠেলতে ঠেলতে
গান গাইবো কাহে—কো —দুনিয়া –বসা–লি– তুনে। কি জঘন্য পরিস্থিতি রে বাবা।
শালা , রিপেয়ারিং দোকান, তোরা জানতিস না ? এইখানে মোটরসাইকেল পাংচার হবে। কুলাঙ্গার, তোরা এখানে একটা দোকান খুলতে পারিস নি আমার জন্য ?
একটু আগেই মা বলেছে, ওরে বেশি দেরি করিস নি, হিনচে বড়াও থাকছে মেনুতে।
পাঙচার সারিয়ে বড় রাস্তা ছেড়ে গলি পেরিয়েছি। বাইক ব্রেক নিয়েছে। রাস্তার পাশের জানালা খুলে গেল। আমাকে দেখে বললো—ঠাকুর ঝি, একবার আসবে?
আ, মলো যা। আমি আবার কোন কালে তোমার ঠাকুরঝি ছিলাম গো! আমার একটা গোটা দু অক্ষরের নাম আছে। আদরে, অনাদরে সেটাতেই তো সবাই ডাকে। তুমি সেই নাম ধরে আমাকে ডাকতে পারো না?
দেখি, তপইন্যার বৌ। বেশ চৌখস, ঝকঝকে। ইন্দা গার্লস স্কুলে অঙ্ক শেখায়। সকাল দশটা থেকে চারটে পর্যন্ত।
তেল বাঁশে ছানাদের চড়ায় আর নামায়। আর সুযোগ পেলেই তেড়েফুঁড়ে ফুটো চৌবাচ্চা ভরায় জলের পাইপ দিয়ে। বৌটি কে আমি বিলক্ষন ভয় পাই। যদি আমাকেও তেল বাঁশে চড়ায়! বাঁশ কি আর কম কিছু খেয়েছি সারা জীবনে। কে সেধে আর বাঁশে চড়বে বাপ।
নোনা মুখে ঢুকলাম। দেখি তপইন্যা শুয়ে মাটিতে। গোঙাচ্ছে।
বললাম—কি ব্যাপার রে? হাঁকালি কেন? বহুদিন পর মায়ের সাথে বাটি চচ্চড়ি দিয়ে ভাত খাবো। বেশি টাইম নিস না। বলে ফেল তাড়াতাড়ি। কি বলবি।
— আর বলিস না, ফুল তুলছিলাম। দুটো বোলতা ঠুসেছে একসাথে। মরে যাচ্ছি জ্বালায় একেবারে।
— যাস কেন। তোর মতো হুঁকোমুখো কখনো ফুলের দলে মেশে না। এখনো বুঝলি না? সেই কোন যুগ থেকেই তো গুঁতুনি খেয়ে গেলি, কবে বুঝবি আর।
বললাম বটে, তারপর যতো হাকিমি বিদ্যা জানা ছিল আমার, আওড়ালাম। বরাভয় দিলাম– নে, এবার ভালো হয়ে যাবি। তোর সঙ্গে অনেকখানি বকবক করে গেলাম। যাই এবার। আমার হিন্চে,শুষনি বোধহয় দীর্ঘশ্বাস ফেলছে আমার জন্য।
খেদিয়ে উঠলাম —- মুখপোড়া, এখন ডাকলি কেন?
তপন একটু আনমনা। তারপর বলল — শিপ্রা ফোন করেছিল কাল। ওর মেয়ের বিয়ে। তোর নম্বর নেই , তাই আমাকে বলল তোকে নিয়ে যেতে বহরমপুর । ওর ঘরে, মেয়ের বিয়েতে যাবি? খুব করে বলেছে। চল না। তুই আমি একসাথে যাবো।
সত্যিই তো। কবে পেরিয়ে গেলাম এতো গুলো দিন। এই তো, সেদিনও পুতুলের বিয়ে দিয়েছি। পাড়া কাঁপিয়ে এক্কা দোক্কা খেলেছি। আজ আমাদের মেয়ের বিয়ে!! কবে পেরোলাম তরতরে দিনগুলো !!
আবারো বললো — হ্যাঁ,রে, তোর কিছু মনে পড়ে? আমাদের সেই বড় নালা পেরোনো! কেউ যেন আমাকে নাড়িয়ে গেলো প্রবল ভাবে। আমি ধপ করে বসে পড়লাম তপইন্যার পাশে, মাটিতে।
জেঠিমা ডাকতো—তপইন্যা–। সেই থেকে ও গোটা পাড়ার কাছে আর তপন নয়, শুধুই তপইন্যা।
তপন আমাদের দলনেতা। ডান হাতের দুটো আঙুল মুখে ঢোকানো, সবসময়। লালা ঝরছে। সারা বছরের শিকনি ঠোঁট পেরিয়ে থুতনিতে। গলায় মাদুলি, খালি গা, লিকলিকে ঠ্যাঙ। যখন তখন কোমরের প্যন্ট ঢিলে হয়ে নেমে আসে হাঁটুতে। টেনে টুনে সেটাকে কোমরে রেখে আবার বজ্জাতি শুরু। এ নিয়ে কোনো বিকার নেই। তপনেরও, আমাদেরও।
আমি , টুনি, শিপ্রা, তপইন্যা, সারা পাড়া টো টো করি। অন্যের বাগানের খবর তাদের থেকেও আমাদের নখদর্পণে। হনুমানের কায়দায় গাছে চড়তে পারি। বেড়া ভাঙতে পারি। পুকুরে নেমে ঝুপঝাপ ডুব দিতে পারি। আর বাবা কিছু বললেই — ‘ পারবো না যাও ‘ বলে বাবার বুকেই আদরে মুখ ঘষতে পারি। আর মা বলতো — আদিখ্যেতা। বাপ বেটির ঢঙ দেখলে মরে যাই ।
মায়ের ধাতানিতে বাবার বুকে মিশে গিয়ে গলা জড়িয়ে হেসে উঠতাম আদুরী বিড়ালের মতো। বাবার দুটো হাত আড়াল করে রাখতো সব দূর্যোগ থেকে।
দুজন গাছে, দুজন নীচে। চুরি করা ফল পুকুর পাড়ে সাবড়ে আবারও আমাদের ভালো মানুষের মুখ। কারো ধরার ক্ষমতা নেই আমাদেরকে।
একদিন তপন বললো—– ধানবিলের পিছনে বড়ো নালা আছে। সবাই যায়। চল আমরাও যাবো। ওখানে চল্লা গাছ আছে । ঐ গাছের পাতার ভেতরের বিচিটা পুরো বাদামের মতো খেতে। যাবি ? ওখানে পানিফলও পাওয়া যায়, আর অনেক কচুরিপানা। কোঁচড় ভর্তি করে তুলবো আমরা। তারপর ঘরে নিয়ে আসবো কচুরিপানা।
ঘর পালানোর প্রস্তুতি পর্ব, আলোচনা শেষ। পরদিন দুপুর। সবাই যখন ঘরের মধ্যে , কাউকে না বলে হাঁটা দিলাম বড়োনালার উদ্দেশ্য। আমরা চারজন। ধান জমি, সরু আলপথ। ভয় আর অনভিজ্ঞতায় পথ হারালাম। সূর্য নিভু নিভু। একজন ধান গোছাচ্ছিল। জিজ্ঞাসা করতে দুচোখে প্রশ্নচিহ্ন রেখে বড়ো নালা দেখিয়ে দিল। অনেক খানি হেঁটে পৌঁছলাম বড়োনালা। কুলকুল ফর্সা জল বয়ে যাচ্ছে। নালার সেই জল মিশেছে কাঁসাই নদীতে।
চল্লা কোথায়? নালা তো কচুরিপানা, আর নীল অপরাজিতা ফুলে ভরা। কোঁচড় ভরে ফুল তুল্লাম। আহা কি সুখ! ফুল তোলায় কতো আনন্দ!!
ফোঁস শব্দ ঠিক পিছনেই। সাপ না শিয়াল কিছু না বুঝেই দৌড়। আমাদের দলনেতা মাটিতে চিতপটাঙ।
আমরা তিন জন প্রান নিয়ে দৌড়াচ্ছি। আর তপইন্যা হোঁচট খেয়ে মাটিতে । শুয়ে শুয়ে চেঁচাচ্ছে– তোরা আমাকে ফেলে যাস না রে—-। আমার খুব ভূতের ভয়।
ঘরে পৌঁছে তখনো হাঁপাচ্ছি। উঠোনে দাঁড়াতেই বাঁ গালে সটান চড়। মায়ের হাত। তার পর দিন থেকেই আমার বাইরে বেরোনো বন্ধ, খেলা বন্ধ, ফল চুরি বন্ধ। একটা বড়ো নালা ছুঁয়ে আসতেই হঠাৎ করে বড়ো হয়ে গেলাম আমি।
আজ তোমাকে প্রশ্ন করতে আমার কোনো বাধা নেই, কেন আমাকে শিখিয়ে দাও নি মা তোমার নিজের মতো করে, যে সময় না হলে কাউকেই বড়োনালা পেরোতে নেই। যদি শিখিয়ে দিতে তাহলে জীবনের তেল বাঁশ থেকে নামতে শিখে যেতাম কবেই।
বুঝলাম, জীবনে বড়ো হতে গেলে তাহলে বড়ো নালা পেরোতে হয়। কোঁচড়ে লাল, নীল ফুল , পানিফল, কচুরিপানা তুলতে হয়।
আর বড়ো হয়ে গেলে নিজের হাতে তোলা ফুল ফেলে সুগন্ধ খুঁজতে যেতে হয়। অন্য কোথাও। অন্য কারো কাছে। সেখানে যাবার ইচ্ছে এতোটুকু না থাকলেও।
তিনটে বাড়ি দুর থেকে মা ডাকছে— আমি কিন্তু তোর ভাত আর গরম করতে পারবো না—-।খেলে খা। না খেলে—-
মনে মনে বললাম—আমি যে তপইন্যার ঘরে এখন। কোঁচড়ে অপরাজিতা, কচুরিপানা নিয়ে বসে আছি। এখনো বড়ো নালা পেরোইনি। এখনও আমাকে জীবনের তেল বাঁশে কেউ চড়ায় নি। এখন টুনি, শিপ্রা, তপইন্যা ঘিরে আছে আমাকে। এখন আমি আবার ছোট্ট হয়ে গেছি যে। আমার শৈশবটাকে ছুঁয়ে আছি, আর একটু থাকতে দাও গো মা এভাবেই।
এখন পতিদেব বেতের ঝুড়িতে বাগানের ফুল তুলেছেন। আমি নিত্য পূজো করবো ও ফুলে।
মানুষটা এখন বড়ো ব্যস্ত।
মাটি কোপাবে নিজের হাতে, চাট্টি লঙ্কা, ধনেপাতা, লাউ লাগাবে। ফুল গাছের হলুদ পাতা ফেলবে। জল দেবে।
হ্যানা, ত্যানা, হাজার ঝক্কি ঝামেলার সংসার ভাই, কম কথা কি!
আমি বারান্দায়। দেখছি সব কিছু। একটু দূরে পাঁচিলের গায়ে হাওয়া মেখে দোল খায় একটা লতা। সবুজ পাতার সাথে মিশে নীলচে কুঁড়ি। আজ কালই ফুটবে বোধহয়। চোখ ঝাপসা হয়ে আসে, নীল অপরাজিতা! পাল বাবুর ঘর থেকে গান ভেসে আসছে, ‘পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।’







