এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

খড়গপুরের ব্রাজিল: সীতেশ দাশ

সুরজিত ঘোষ

সরস্বতী পুজো শেষ। ঢাকিরা ফিরে গেছে। বিবেকানন্দ ক্লাবের ভাঙ্গা প্যান্ডেল। ঠাকরের বেদিতেই বিষ্ণু মুখে ঝুলনদা, অলক দা-রা ব’সে। ওরা সবাই বড়। শহরের প্রান্তসীমার কলেজের মতো বড়। আমরা তখন ইস্কুল। ছোট ছোট ক্লাস-ঘর। সিক্স-সেভেন-এইট-নাইন। আমাদের ঠাকর ছোট। আমাদের কুমোরপাড়ার আর বি. পাল। ওদের কমারটুলি। রাখাল পাল। খরিদার আর বি. পাল আর কুমারটুলির রাখাল পাল একই সাথে বড়দের ট্রাকে চেপে কাঁসাইয়ের জলে যায়।

আজ রবিবার। সরস্বতী পুজো শেষ। কাল থেকে ইস্কুল। হেড স্যার। হোম-টাস্ক। আমাদের কিন্তু খুব আনন্দ। মন্টে, ভজন, জয়, দিলা, মনা আমরা সবাই মথুরাকাটি কুলি গাড়ি স্টেশনে জড়ো হই। পৌনে দশটার কুলি গাড়ি ধরে গেটবাজার। বম্বে সিনেমাকে বাঁদিকে রেখে ডানদিকে ওয়ার্কশপ ও সবুজ পাহাড়কে পাশ কাটিয়ে টাউন থানা, গির্জা, দুর্গামন্দির পার করেই গোলবাজার। বিজয় স্পোর্টসের ছোট্ট অপরিসর প্রায়ান্ধকার ঘর থেকেই বেরিয়ে আসতো আই সেট, টি সেট, রাশিয়ান সেট ফুটবল। পূজোর চাঁদা থেকে পয়সা বাঁচিয়ে আমাদের ফুটবল। তখন সরস্বতীর মুখ, ভাসানের নাচ মুছে গিয়ে মোহনবাগান- ইস্টবেঙ্গল পার করে ভূগোল স্যারের টাঙানো ম্যাপের ভইতর থেকে বেরিয়ে আসতো কটা দেশ। কালো কালো আর তাদের পায়ে রাশিয়ান ফুটবল। হাতে তার জুলে রিমে কাপ। সোনার। কালো সোনা। পেলে।

মরশুমের প্রথম ফুটবল ফেরার সময় অতটা রাস্তা জুলে রিমে কাপের মতোই আমাদের হাতে হাতে ঘুরতো। কেননা, বল মাটিকে নয় ব্যারাকের মাঠকেই এক্কেবারে ছোঁবে। ফেরার সময় দেখতাম, গেটবাজারের ভুটানিরা ফিরে যাবার জন্য তোড়-জোড় করছে। ওদের তল্পি-তল্পার ভিতরে ঢুকে পড়ছে মোটা উলের সাদা রোঁয়া শীতের সোয়েটার। ঘাস-ছাঁটা ক্রিকেট পিচের ওপরেই লাফাতো বছরের প্রথম ফুটবল। বড়রাও কেউ কেউ নেমে পড়তো মাঠে। কী সুন্দর। নতুন ফুটবল! এক অন্য পৃথিবী!

এইভাবেই ফুটবলের মতো গড়িয়ে চলে যায় দিন। মোহনবাগান-ইস্টবেঙ্গল, দল-বদল নিয়ে তুমুল তর্ক হয়। আমরা ভাগাভাগি হই। উত্তেজনা ছড়াই। কিন্তু যেই ব্রাজিলের কথা ওঠে, ফুটবল রূপকথা হয়, আমরা সবাই নিমগ্ন শ্রোতা হয়ে যাই। কিন্তু আমরা কখনও ব্রাজিলের খেলা দেখিনি। রেডিওতে পুষ্পেন সরকারের কণ্ঠস্বরে ভেসে ওঠে সবুজ-মেরুন ও লাল-হলুদের মহারণ। আর যেটুকু অপূর্ণ থেকে যেত পরের দিন মতি নন্দীর লেখায় ভ’রে উঠতাম গ্যালারির দর্শকের মতো।

আমাদের এই মফস্বল শহরে মোহনবাগান-ইস্টবেঙ্গল আসে না। এমন কি কলকাতার ময়দানের প্রথম ক্লাবগুলোও নয়। কিন্তু এই শহরে ট্রাফিক স্পোর্টিং আছে। তাদের ফুটবলাররা কেউ কেউ তিন প্রধানের তারকা। তাদের জার্সির রং ব্রাজিলের মতো হলুদ। বিকেলের রং। আর বিকেল মানেই তো এক মাঠ ছুটি। আর ছুটি মানেই মাঠ ভর্তি ফুটবল। খড়াপুরের পশ্চিম প্রান্তে কুলিগাড়ি ও মার্শালিং ইয়ার্ডের কোল-ঘেঁষা এই অঞ্চলে একটাই ফুটবল টুর্নামেন্ট। আমাদের পি.এল.সি পাড়া ছাড়িয়ে একটু পূর্বেই নিউ সেটেলমেন্ট। গোল-গোল রেল-ঘর। গোল খোলি। ওখানেই অন্ধ্র স্পোর্টিং এর কাঠের গোল-পোস্ট দেয়া মাঠ। পিছনে কলিগাড়ির লাইন। বিশাল বড় ইলেকট্রিক পোস্টের মতো কল। কুলিগাড়ির ইঞ্জিন জল খায়। ড্রাইভার পোড়া কয়লা ফেলে। ওখানেই গোলপোস্টের নিচে হাফ-হাতা সাদা গেঞ্জি পরা আবদুল রউফ দাঁড়ায়। ইস্ট ক্লাবের গোলকিপার। রেলের টিকিট চেকার।

দিলা দূর থেকে চিৎকার করে ‘ঐ তো আসছে… হলুদ জার্সি দেখ..’। পিচগলা ঠা…ঠা রোদ। আমাদের রোদে পোড়া কালো মুখ। ব্রাজিলের মতো। টাউন থানা থেকে যে রাস্তা বোম্বে সিনেমাকে ডান দিকে রেখে বাঁ দিকে কুলিগাড়ির লাইনের সমান্তরালে পিএলসি পার হয়ে নিমপুরার দিকে চলে যায়…। সেই রাস্তায় অন্ধ্র স্পোর্টিং মাঠ ছাড়িয়ে খালসা বডি বিল্ডিং এর সামনে আমরা অপেক্ষায় অধীর। ওরা আসছে। দূরে বোম্বে সিনেমার কাছাকাছি। ওরা আসছে। যেন এক ঝাঁক হলুদ প্রজাপতি উড়ে আসছে স্বপ্নের বাগানে। যেখানে একটু পরেই সারা মাঠ জুড়ে ফুল ফুটে উঠবে।

ক্রমে একে একে সবাই দৃশ্যমান হয়। ভিড়ের মধ্যে থেকে কেউ চেঁচিয়ে ওঠে-‘আর্ রে। গিড্ডু আ গয়া রে! গিড্ডু। উদ্বেল হয়ে উঠি। পোর্টের ম্যাচ থাকলেই খেলার পাতায় যার নাম জ্বলজ্বল করে সেই তপন দাস। আমরা তাকে ছুঁই। স্পর্শ বোঝে সে। মনার গাল টিপে দেয়। জটলার মধ্যে তারা সবাই গোল হয়ে ব’সে বুটের লেস বাঁধে। ঐ তো স্টপার সুশীলদা। পাশে ওর ভাই দীর্ঘদেহী কাজলদা। একটু পরেই দুই ভাই স্ক্যাপ ইয়ার্ডের পাঁচিল হয়ে উঠবে। বিপক্ষের সব বল ফিরে যাবে। আর সুশীলদা মাঠের ভিতরে লম্বা হ’তে হ’তে ওর ভাই কাজলদাকেও ছাড়িয়ে যাবে। যাকে দেখে সবাই হেসে উঠল এইমাত্র, সেই তো রাজাদা। খ্যাংরা কাঠির মতো রোগা। সরু চিকন গলা। মাঠে নামলেই বল যেন খুকুদি’র পোযা মিনি। মাঝমাঠে বরুণ মিত্র। দুই পায়ের মাঝে বল শরীরের ছোট্ট একটা দোলা। তারপর ডিফেন্স চোরা একটা থ্রু-পাস। যেন সঞ্জয়ের চিঠি। সমস্ত পাহারাদারকে ডিঙিয়ে লিলির বুকের নিরাপদ আস্তানায় পৌঁছাবেই।

একটু দেরী করে অন্যের সাইকেলে চেপে যে এল এইমাত্র, যাকে দেখে সব ভিড় চলে গেল ওর দিকে, সেই তো সীতেশ দাস। পায়ে আঠা হয়ে লেগে থাকে বল। কী অনায়াস ভঙ্গিতে, শরীরের দোলায় ছিটকে যায় বিশাল বপু বিপক্ষের ব্যাক। পায়ের চেটোয় মুহূর্তের ভিতরে বল টেনে আনে জাদুকরী দক্ষতায় বিপক্ষ ধোঁকা খায়। তারপর গোলার মতো শট। শুধু জাল কেঁপে ওঠে। গোলকিপারও আমাদের মতো দর্শক হয়ে যায়, তার এমনই নিবিড সম্মোহন। ঐ যে খেলোয়াড় মাথায় রুমাল বেঁধে মাঠে নামছে সে-ও আরেক শিল্পী। দুলালদা। ছুটন্ত ফুটবলকে মুহূর্তের মধ্যে দু’পায়ের কারসাজিতে শরীরের পিছন থেকে সামনে  এনে ফেলে। সেই ভেলকি গোটা মাঠ দেখে হাততালি দেয় সে এমনই জাগলার। যারাই ম্যাজিক দেখায় তারাই তো সরকার পদবীধারী হয়। আর ফুটবলে যারা শক্তির সাথে শিল্প-সুষমা ফুটিয়ে তোলে তারাই তো ব্রাজিল হয়ে ওঠে। সার্কাসের মতো ফসলিয়ে এনে আমাদের প্রথম কৈশোরের সারল্যকে মুগ্ধ, আবিষ্ট করে রাখতো টাফিকের ফুটবল। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই ফুটবল ফুল হয়ে তার পাপড়ি মেলে ধরতো আমাদের উপোসী চোখের কাছে। যেন সে ঐ প্রখর দাবদাহে এক আঁজলা ঠান্ডা জল।

ট্রাফিকের রক্ষণভাগের সুশীলদা, কাজলদা, ছানাদা, টোটনদা ছুঁয়ে ফুটবলের নহবত শুরু হয়ে যেত। তারপর মাঝমাঠে এসে ফুটবল বরুণ মিত্র, বরুণ মন্ডলদের পায়ে পায়ে লুকোচুরি খেলতে খেলতেই বিস্তারিত মায়া-জাল। বিপক্ষ যেন কানামাছি। তোঁ…ভোঁ করতে করতেই সে ভো-কাট্টা হয়ে যেত। সাদা চুনের টাচ লাইন ধরে যখন ট্রাফিকের তপন দাস বরুণ মিত্রের থ্রু ধরার জন্য ছুটতে থাকে আর পিছিয়ে যেতে থাকে প্রতিপক্ষের প্লেয়ার তখন কি ইঞ্জিনকে জল খাওয়াতে নিয়ে এসে কুলি গাড়ির ড্রাইভার আমাদেরই মতো অবাক বিস্ময়ে হাততালি দিয়ে ওঠেনি। কিন্তু শিল্প সবসময়েই খুব গতিশীল নয়। কেন না তার দায় থাকে ফুলের মতো প্রতি পরতে পরতে নিজেকে মেলে ধরা। যেভাবে খড়ের কাঠামো থেকে পঞ্চমীর প্রতিমা, সেইভাবেই ফুটবল রূপকথা থেকে উৎসবে পৌঁছে যেত। সীতেশ দাস, দুলালদা, বরুণ মিত্র, বরুণ মন্ডল, গণেশ মন্ডল, রাজা দা, তপন দাসদের পারস্পরিক বোঝাপড়ায় ফুটবল ওদের আজ্ঞাবহ দাস। ছোট ছোট পাস। ব্যাক হিল। পায়ের চেটো। আউটসাইড, ইনসাইড, ডজ, হেড। ফুটবলের কনসার্ট। গোটা মাঠটাই যেন অংক স্যারের ব্ল‍্যাকবোর্ড। আঁকা হচ্ছে- ত্রিভুজ। চতুর্ভুজ। রম্বস। গোটা মাঠ হাততালিতে ভ’রে উঠছে। তাদের এই প্রকরণ সবসময় গোলের জন্য নয়। বরং এই সুষমা যেন বিমল আনন্দের উপকরণ। প্রতিপক্ষের প্রতিরোধকে ধ্বংস করে নয়; মাঠ জুড়ে শিল্পের স্নিগ্ধ নির্মাণে এক একদিন ফুটবলের গায়ে-হলুদ হয়ে রয়ে যায়।

তবুও ট্রাফিক হেরে যেত। এক-একদিন। ব্রাজিলের মতো। তখন সেই হলুদ পাখনা ছেঁড়া প্রজাপতি সবুজ মাঠের ওপর পড়ে থাকে। সেই বিষন্ন বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার সময় দিলীপ কাকুকে দেখি। আমাদের পাশের বাড়ি। রমাদির বাবা। ধুতি-পাঞ্জাবি। হাতে ফোলিও ব্যাগ। অফিস ফেরত। দিলীপ কাকু আমাদের দেখে কেমন যেন ম্লান হাসে… ট্রাফিকটা কেমন হেরে গেল নাহ! আর কোন কথা হয় না। ডিপার্চার ইয়ার্ডের অফিস পার করে পি.ডব্লু. আই বাংলোর পাশ দিয়ে আমরা পাড়ায় ফিরে আসি। হঠাৎ ঝুপ করে সন্ধ্যা নেমে আসে।

তারপর ভোর হোত। আমরা কিশোর সংঘ নতুন উদ্যমে অনুশীলন শুরু করে দিতাম। যেভাবে বিবেকানন্দ ক্লাবের ফাল্গুনীদা, অনুপদা বোম্বে সিনেমার জিতেন্দ্র কিংবা রাজেশ খান্না হয়ে উঠতে চাইত, আমরাও কেউ কেউ বল পায়ে সীতেশ-বরুণ কিংবা সুশীল-তপন হয়ে উঠতে চাইতাম। আর মাঝেমাঝেই স্বপ্নের সলতেকে উসকে দিতেই যেন আমাদের পাড়ার রাস্তা দিয়ে ট্রাফিক ক্লাবের সেই হলুদ জার্সি প’রে মনোরঞ্জন মাহাতো সাইকেলে চলে যায়। আমরা তাকে ঘিরে ধরি জেনে নিই ট্রাফিকের খেলার খবর। সীতেশ দাস কি এবার বাগান না বেঙ্গল!

ডাকে দিলীপ কাকু খবর নিয়ে আসে। তখন সকাল। দিলীপকাকুর চোখে জল। বাবাকে ‘টুলু, সীতেশ আর নেই রে…’! মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আটামাখা হাত। চোখে জল। সীতেশ দাস আমাদের আত্মীয় ছিল না। আমাদের বাড়িতেও কোনোদিন আসেনি। টাফিক ক্লাবের খেলা মা দেখেনি কোনদিন। কিন্তু পুষ্পেন সরকারের ধারাবিবরণীতে, বাবার গলায় ও আমাদের কাছ থেকে শুধু শুনে মা ওর গুণগ্রাহী। গোটা শহর ভেঙ্গে পড়ে কান্নায়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, ওর দু’টো পা-ই বাদ দিতে হয়েছিল। বাবা বলে উঠল ‘তারপর কি একজন ফুটবলার বেঁচে থাকে!’ শুধু ফুলে ফুলে ভ’রে উঠেছিল সীতেশ দাশ। যে ফুল ফুটিয়েছিল ওর হলুদ প্রজাপতির দল। ছেঁড়া পাখনা সীতেশ ফুলে ঢেকে যায়।

এখন আর ফুটবল নেই কোথাও। শহরের বিকেল জুড়ে শুধু বাইকের শব্দ। ফোর প্যাক। সিক্স প্যাক যুবক। ম্যাচোদের গেঞ্জিতে লেখা ‘মেসি’। নির্জন মাঠ প’ড়ে থাকে। তারপর রাত্রি আসে। একটা বড় চাঁদ ওঠে। পূর্ণিমার। ট্রাফিক ক্লাবের মাঠ ভেসে যায় সেই অলৌকিক জ্যোৎস্নার মূর্ছনায়। তখন জানুহীন সীতেশের জন্য একটা চিপ গোলবক্সের ওপরে হাওয়ায় ভাসায় বরুণ মিশ্র। দুটো পা নেই। সীতেশ দাঁড়াতে পারে না। কিন্তু শিল্পী তো ! হারে না কোনদিন। পুষ্পেন সরকারের কন্ঠ ভেসে আসে রাত্রির ইথারে- ‘শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সীতেশের অনবদ্য ফ্লাইং হেড আর গো…ও…ও…ল…’

 

ট্রাফিকের গোলপোস্টের ভিতরে তখন পূর্ণিমার ফুটবল বিষন্ন মাঠের মতো একা।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?