সুতনু ঘোষ
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার রাধামোমনপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিঙ্গল গ্রাম। ডেবরা থানার সীমান্তবর্তী গ্রাম। মোট জনসংখ্যা ছিল ৩৬৮৫ জন। রাধামোহনপুর রেলষ্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার এবং হাইরোডে আষাঢ়ি বাসস্ট্যান্ড থেকে প্রায় ৯ কিলোমিটার। ডেবরা বাজার থেকে ১৫ কিলোমিটার এবং বালিচক স্টেশন থেকে ১১ কিলোমিটার মতো দূরত্ব। গ্রাম পর্যন্ত পাকা রাস্তা আছে। এই গ্রামে বিপিনবিহারী দত্ত নামের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন।
১৯৩৪ সালে ‘গৌড়ীয়’ পত্রিকায় বলা হল – ” ডিঙ্গলে – ত্রিদন্ডিস্বামী শ্রীভক্তিভূদেব শ্রৌতী মহারাজ মেদিনীপুর জেলান্তর্গত ডিঙ্গল নামক স্থানে শ্রীযুত সতীশ চন্দ্র হুই মহাশয়ের গৃহে সপ্তাহাধিককাল শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠ এবং ছায়াচিত্রে বক্তৃতা প্রদান করেন। সগোষ্ঠী সতীশ বাবু শ্রীচৈতন্যবাণী শ্রবণে বিশেষ আকৃষ্ট হইয়াছেন। তদীয় ভ্রাতা ডাক্তার শ্রীযুত হরিশচন্দ্র হুই মহাশয় ভগবৎ সেবার্থ বিশেষ উৎসাহ প্রদর্শন করিয়াছেন। তাঁহাদেরই আগ্রহে শ্রীশ্রী নিত্যানন্দাবির্ভাব দিবস একটী বক্তৃতার আয়োজন হয় এবং স্বামীজী মহারাজের নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে সিদ্ধান্ত পূর্ণ বক্তৃতা হইবার পরে প্রায় তিনশত ব্যক্তিকে ভগবৎ প্রসাদ প্রদান করা হয়।”
ডিঙ্গল গ্রামে নরসিংহ শিবের মন্দির আছে। মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত এবং পশ্চিমমুখী। উচ্চতা প্রায় ৩৩ ফুট বা ১০.১ মিটার। দৈর্ঘ্য প্রস্থে ১৫ ফুট বা ৪.৬ মিটার। মন্দিরের সামনের দিকে তিনটি প্রবেশদ্বার আছে। সেখানে কলাগেছিয়া রীতির স্তম্ভ রয়েছে। অলিন্দের ছাদ টানা খিলান করে নির্মিত। গর্ভগৃহের ছাদ খিলানের মাথায় গম্বুজ করে নির্মিত। গর্ভগৃহে একটি বিশালাকার গম্ভীরার মধ্যে শিবলিঙ্গ আছে। মন্দিরের গায়ে কোনও কারুকাজ নেই। তবে উত্তরদিকের দেওয়ালের গায়ে মিথুন মূর্তি খোদিত আছে। আনুমানিক উনিশ শতকের শেষের দিকে মন্দিরের নির্মাণ হয়েছিল। মন্দির চত্বরের সামনে আগে একটি মাকড়া পাথরের অশ্বারোহী মূর্তি এবং একটি ক্ষুদ্রাকার শিখর দেউলের প্রতিরূপ নিবেদন মন্দির দেখা যেত। তবে বর্তমানে কেবলমাত্র মাটিতে অর্ধপ্রোথিত মাকড়া পাথরের অস্পষ্ট মূর্তি দেখা যায়। ক্ষুদ্রাকার দেউল মন্দির বা নিবেদন মন্দির ডিঙ্গল ছাড়াও পিঙ্গলা থানার নয়া গ্রামের শীতলা মন্দির, নারায়ণগড় থানার গোবিন্দপুরের শিবমন্দিরেও দেখা যায়।
শিবের আটচালার সামনে আগে একটি মাটির তৈরী শীতলা মন্দির ছিল এবং তার দরজাতে কাঠ খোদাইয়ের কাজ ছিল। কয়েকবছর আগে সেটি ভেঙে ইটের তৈরী একটি শীতলা মন্দির করা হয়েছে।
কাছেই সুর পরিবারের পুবমুখী রাজরাজেশ্বরীর দালান মন্দির ছিল। সেটি ১৮৩৪ খ্রীষ্টাব্দে নির্মিত হয়েছিল। জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানেই একটি ইটের নতুন মন্দির করা হয়। মন্দিরের গায়ে পুনর্নির্মাণের যে সাল আছে – বাং ১৪১১ , ইং ২০০৬ সাল। মন্দিরের ভেতরে শালগ্রাম শিলা ও গোপাল জীউর মূর্তি আছে। মন্দিরের কাঠের দরজায় কিছু মূর্তি খোদাই করা আছে।
গ্রামে আটচালা আরেকটি পূর্বমুখী শিবমন্দির আছে , যেটি রাখাল জিউ মন্দির নামে পরিচিত। মন্দিরটি সংস্কার করা হয়েছে। এর কিছু দক্ষিণে দত্ত পরিবারের রাধাগোবিন্দ মন্দির আছে। পূর্বমুখী দালান রীতির মন্দির। কলাগেছিয়া স্তম্ভযুক্ত তিনটি প্রবেশদ্বার আছে সামনে। তারপর অলিন্দ ও গর্ভগৃহ। গর্ভগৃহের প্রবেশদ্বারের ওপরে অল্পকিছু পলেস্তরার কাজ আছে। মন্দিরের পাশে একটি ভাঙা ইটের কাঠামো দেখা যায়। সামনের দিকে গরুড়স্তম্ভ, তুলসিমঞ্চ ও জলাশয় দেখা যায়। দালান মন্দিরটি পরিত্যক্ত হয়েছে এবং বিগ্রহটি বাড়িতে পুজো হয়।
গ্রামে সুর পরিবারের লক্ষীজনার্দনের দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দির ছিল। সেটি আনুমানিক আঠারো শতকের শেষদিকে নির্মিত হতে পারে। এর গায়ে টেরাকোটার কাজ ছিল। তবে বর্তমানে মন্দিরটি নেই। এছাড়া এই গ্রামে একটি রাজবাড়ি ছিল। যেটি ধ্বংস হয়ে পড়েছিল এবং জায়গাটি ঢিবির আকারে ছিল। সেখানে মৃৎপাত্রের ভগ্নাংশ দেখা যেত। তবে সেটিও বর্তমানে নেই।







