অর্ণব মিত্র
১৯০১ সালের ১৭ই ফেব্রুয়ারি। প্যারিস শহর । রাত ন’টার সময় প্যারিসের ক্লিশি অ্যাভিনিউতে অবস্থিত সেই সময়ের ‘কাফে দে ল হিপ্পোড্রোম’ নামের একটি ছোট রেস্তোরাঁ থেকে ভেসে এল একটি গুলির শব্দ। সাথে সাথে আশপাশ থেকে সবাই ছুটে গিয়ে দেখতে পায় নিজেকে গুলি করে রেস্তোরাঁর মেঝেতে লুটিয়ে পড়েছেন সদ্য কৈশোর পেরনো একটি ছেলে। জানা গেল তাঁর নাম কার্লেস কাসাজেমাস এবং তাঁর বাড়ি স্পেনে । সেই রাতে সে ‘কাফে দে ল হিপ্পোড্রোম’রেস্তোরাঁতে তাঁর দুই বন্ধু প্যালারেস,মানোলো হুগে এবং দুজন সুন্দরী মডেলের সাথে রাতের খাবার খেতে এসেছিল। যখন কাসাজেমাস এই সুন্দরী তরুণীদের মধ্যে একজনকে, যার নাম লর ফ্লোরেন্তিন (বিবাহিত এবং সম্ভবত স্প্যানিশ) একটি চিঠির মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয় ও গায়ে পড়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তখন মেয়েটি রেস্তোরাঁ ছেড়ে চলে যেতে থাকে। সেই সময় কার্লেস কাসাজেমাস মাথা গরম করে ফেলে ও চেয়ার থেকে উঠে নিজের প্যান্টের পকেট থেকে একটি রিভলভার বার করে মেয়েটিকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায়। মেয়েটি গুলির শব্দে হকচকিয়ে সেখানেই পড়ে যায়। মেয়েটির শরীরে গুলিটি লেগেছে ভেবে কাসাজেমাস রিভলভারটি নিজের দিকে ঘুরিয়ে তাঁর ডান কানের পাশে ঠেকায় ও আত্মহত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়ে দেয়। গুলিটি কাসাজেমাস-এর মাথায় ঢুকে যায় ও ক্ষতস্থান থেকে রক্ত পড়তে শুরু করে। কার্লেস কাসাজেমাস মেঝেতে পড়ে যান। রেস্তোরাঁর মেঝে রক্তে ভেসে যায়। রক্তাক্ত কাসাজেমাসকে রেস্তোরাঁর লোকেরা তুলে নিয়ে কাছের মঁমার্ত অঞ্চলের হসপিটাল বিশাতে ভর্তি করে দেয়। কিন্তু তাঁকে বাঁচান যায়নি।
পরের রাতে হসপিটাল বিশাতে প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় পাবলো পিকাসোর বন্ধু স্প্যেনের সম্ভাবনাময় তরুণ চিত্রশিল্পী ও কবি কার্লেস কাসাজেমাস-এর । তাঁকে পরের দিন সিমিতিয়ের দ্যু মঁমার্ত -এ সমাধিস্থলে কবর দেওয়া হয়।
কাসাজেমাস এভাবে খুব কম বয়সে নিজের জীবনের ইতি টানলেন। তবে তাঁর নাম জুড়ে গেল স্প্যেনের বার্সেলোনার বন্ধু ও ভবিষ্যতের বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর নীলাভ পর্বের শুরুর দিকের ছবিগুলির সাথে।
১
পাবলো পিকাসোর থেকে মাত্র এক বছরের বড় কার্লেস কাসাজেমাস-এর জন্ম হয় ১৮৮০ সালের ২৭শে সেপ্টেম্বর বার্সেলোনার একটি ধনী পরিবারে । কিশোর বয়স পার করার সাথে সাথে আধুনিক প্রজন্মের কমবয়সী শিল্পীদের মধ্যে কাসাজেমাসকে স্প্যেনের অন্যতম উদীয়মান কাতালান শিল্পী হিসেবে গণ্য করা হতে থাকে। তাঁর অনুপ্রেরণা ছিলেন স্প্যেনের অগ্রজ শিল্পী ইসিদ্রে নোনেল। 
কাসাজেমাসের শুরুতে বার্সেলোনার ‘নু দে লা রামব্লা’ সড়কে একটি স্টুডিয়ো ছিল,যেখানে তিনি তাঁর বন্ধুদের সাথে শিল্প আলোচনা ও সাহিত্য সন্ধ্যার আয়োজন করতেন। তাঁর শৈশবের বছরগুলো পার হওয়ার পর কিশোর বয়সে শিল্পী কাসাজেমাস বার্সেলোনার বোহেমিয়ান শিল্পীদের গ্রুপ-এর সাথে মেলামেশা শুরু করেন । তাঁরা বার্সেলোনার ‘কোয়াত্রে গাত’ নামক পানশালায় যাতায়াত করতেন ও সেখানে ১৯০০ সালের ২৬শে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তাঁরা একটি প্রদর্শনীর আয়োজন করেন। তার আগে বার্সেলোনায় ১৮৯৯ সালের শেষের দিকে পাবলো পিকাসোর সাথে কাসাজেমাসের প্রথম দেখা হয়। তাঁদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। দুজনে মিলে তাঁরা ছবি আঁকতে থাকেন ও যৌথভাবে বার্সেলোনার প্রশস্থ ‘রিয়েরা দে সান্ত জোয়ান’ সড়কের ১৭ নম্বর বাড়িতে একটি স্টুডিয় ভাড়ায় নেন। পিকাসো ১৮৯৯ সালের শেষের দিকে শিল্পীবন্ধু কাসাজেমাসের বেশ কয়েকটি প্রতিকৃতি আঁকেন।
এরপর ১৯০০ সালের সেপ্টেম্বর মাসের শেষে দুই বন্ধু মিলে প্যারিসে ঘুরতে যান। যেখানে কাসাজেমাস জার্মেইন নামে এক সুন্দরী মডেল -এর প্রেমে পড়েন।
উনিশ শতকের শেষের দিকে স্যেন নদীর ধারে প্যারিসের মঁমার্ত অঞ্চলটি হয়ে ওঠে বহু শিল্পীর বাসস্থান। প্যারিস শহরের একটি সুউচ্চ পাহাড়ের উপর এখানে ছিল বহু স্টুডিয়ো ও শিল্পীদের থাকবার ও ছবি আঁকবার ব্যবস্থা। পিকাসো এবং কাসাজেমাস প্যারিসের স্যেন নদীর ধারে এই মঁমার্ত অঞ্ছলে কিছুদিনের জন্য থেকে যান। তাঁরা বাড়ি থেকে দূরে এসে শহুরে উদ্দাম ও বোহেমিয়ান জীবনধারা যাপন করতে শুরু করেন ও মঁমার্তের অন্যান্য কাতালান শিল্পীদের সাথে মেলামেশা ও ছবি আঁকা চলতে থাকে। তাঁরা নিয়মিত বেশ্যালয়েও যাতায়াত করতে থাকেন তবে জানা যায় কাসাজেমাস যৌন-সঙ্গমে অপটু ছিলেন। তাই এখানে এসে কাসাজেমাস মাঝে মাঝে মানসিক অবসাদে ভুগতে থাকেন ও তাঁর মদ্যপানও বেড়ে যায়।
তাই কাসাজেমাস এবং মডেল জার্মেইনের সম্পর্ক কাসাজেমাসের মানসিক অবস্থার অবনতির সাথে সাথে খারাপ হতে শুরু করে। জার্মেইনও সেই সময় মদ্যপানও বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত কাসাজেমাস এবং মডেল জার্মেইনের সম্পর্কটি পূর্ণতা পায় নি। জার্মেইন কাসাজেমাসের প্রতি তাঁর হতাশা গোপন করেননি। পরিস্থিতি এমন হয়েছিল একবার জার্মেইন কাসাজেমাসকে উপহাস করায় সে সবার সামনে আত্মহত্যা করার হুমকিও দিয়েছিল। সেই বছরের বড়দিনে কাসাজেমাস ও পিকাসো দুই বন্ধু বার্সেলোনায় ফিরে আসেন এবং এরপর কাসাজেমাস-এর মানসিক অবস্থার উন্নতির লক্ষ্যে দুই বন্ধু একসাথে স্পেনের মালাগায় এসে নববর্ষ কাটান।
তবে কাসাজেমাস-এর প্রেমঘটিত সমস্যার সমাধান হয় না এবং কয়েক সপ্তাহ পরেই কাসাজেমাস ও পিকাসো দুই সদ্য কৈশোর পেরনো বন্ধু আলাদা হয়ে যান। পিকাসো মাদ্রিদে চলে যান এবং কাসাজেমাস, বার্সেলোনায় একটি সংক্ষিপ্ত সফরের পর আবার প্যারিসে ফিরে যান। এরপর তাঁদের আর কখনও দেখা হয়নি।
মৃত্যুর সময় কাসাজেমাসের বয়স ছিল কুড়ির কিছু বেশি। বন্ধুর মৃত্যু পিকাসোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পিকাসো তাঁর বন্ধুর মৃত্যু নিয়ে বেশ কয়েকটি শিল্পকর্ম এবং পরে তাঁর আরও কয়েকটি প্রতিকৃতি-মূলক পেন্টিং তৈরি করেন। বলা হয়ে থাকে যে, তাঁর আত্মহত্যার ঘটনাই শিল্পীর ‘ব্লু পিরিয়ড’-এর সূচনা করেছিল এবং এই পর্বের প্রধান শিল্পকর্ম ‘লা ভি’-এর মূল চরিত্র হলেন কাসাজেমাস।
পিকাসোর ব্লু পিরিয়ড স্থায়ী হয়েছিল চার বছর। ১৯০১ থেকে ১৯০৪ সাল অবধি। তাঁর শিল্পীজীবনের এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়, যেখানে তিনি নীল এবং নীল-সবুজ রঙের বিভিন্ন শেডে প্রায়- একরঙা একাধিক শিল্পকর্ম তৈরি করেছিলেন। ব্লু পিরিয়ড চলাকালীন এই ৪ বছরে করা পিকাসোর সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে ‘লা ভি’(১৯০২ সালে আঁকা) ‘দি ওল্ড গিটারিস্ট’(১৯০৩ সালে আঁকা) ও ‘দি ব্লাইন্ডম্যান’স মিল’(১৯০৩ সালে আঁকা)ছবিগুলি। শিল্পবিশেষজ্ঞরা বলেন পিকাসোর ‘ব্লু পিরিয়ড’-এর শুরুর দিকের এই শিল্পকর্মটির স্কেচগুলিতে চিত্রিত পুরুষটির মুখ প্রথমে ছিল পিকাসোর।তবে আপাদমস্তক নীল রঙে আঁকা এই চূড়ান্ত পেন্টিংটিতে পুরুষ মুখটি ছিল স্বয়ং অকাল প্রয়াত বন্ধু কাসাজেমাসের।








