শ্রাবণী মুখার্জী
সাধারণ স্কুল শিক্ষিকা হিসেবে চাকরি করতে চেয়েছিলাম বরাবর কিন্তু হয় নি তবে ডি.এম অফিসে ক্লার্কের চাকরি পাবার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপ।আমার ভোটের ডিউটি পড়েছে, কদিন ধরেই ট্রেনিং, আর এ অফিস ওঅফিস ছুটাছুটি করে হয়রান হয়ে গেছি। এবারের নির্বাচনে ভীষণ রকম চাপ চলছে।
এইসব ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমি দিদির বাড়ি যাইনি তাই দিদি লালু ভোলুকে নিয়ে সেদিন সক্কাল সক্কাল আমার কলকাতার বাড়িতে এসে হাজির। এই নে- তোর ক্ষুদে নয় দমদার পটকাদের। তুই সামলা এদের, আমার পক্ষে সম্ভব হচ্ছে না: দিদি আমার কোলে ওদের বসিয়ে দিয়ে রান্না ঘরে ঢুকে গেল, রাস্তায় আসতে আসতে নাকি ওদের বায়না হয়েছে এগ চাউমিন বানিয়ে খাওয়াতে হবে। ভালোই হলো আমাকেও অফিসে বেরোতে হবে ভাবছিলামই যে চটজলদি কিছু একটা বানিয়ে খেয়ে নিই, লাঞ্চ অফিসেই সারি রোজ।
লালু ভোলু আমাকে পেয়ে যারপরনাই খুশি।
আনন্দিত হয়ে আমাকে চুমু খেয়ে গোটা মুখ গাল কপাল থুতুতে ভর্তি করে দিলো।
ছোট ছোট হাতের স্পর্শ ওদের এই আদর আমার বেশ ভালো লাগে। তাই তো ফাঁক পেলেই ছুটে চলে যাই ওদের কাছে। ওদের পড়াশুনা, শরীর চর্চা সবই আমার নির্দেশ মত হয় দেখেই অনেকেই বলেওছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যায় যখন বাড়িতে এলাম লালু ভোলু ছুটে এসে জড়িয়ে ধরলো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ ওরা এসেছে। ভাগ্যিস আমার ব্যাগে চকলেট কেক থাকে নৈলে কি লজ্জায় পড়তাম। ওরা দুজন যখন আমার বুকে ঝাঁপিয়ে পড়লো
সত্যি বলছি বিশ্বাস করুন এক সেকেন্ডে আমার সব ক্লান্তি দূর। হাতমুখ ধুয়ে সোফায় বসতেই দিদি দুই কাপ গরম কফি নিয়ে এলো। চুমুকে আরাম করে আঃ বলতে যাবো ঠিক সেই মুহূর্তেই দুজনেই ঝাঁপিয়ে পড়লো সোফায় গল্প বলো গল্প বলো। ওদের ঝাঁপানোতে কফির মগ উছলে কিছুটা পড়ে গেল সোফায়, ভাগ্যিস ওদের গায়ে লাগে নি নৈলে কচি চামড়া .. আঃ মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। দিদি ধমকে উঠল, আহ্ লালু! মাসিনীকে কফিটা তো শেষ করতে দে তারপর তোদের গল্প শোনাবে।
সারাদিন S I R আর ইলেকশন মনিটরিং করে এখন আর কিছুই ভাবি নাই আর নতুন কিছু ভাবার অবকাশও নেই তাই ওটা দিয়েই শুরু করলাম আমার গল্প __
কফির শেষ করে কাপটা দিদির হাতে ধরিয়ে সোফায় বেশ আয়েশ করে বসে মনে মনে একটা গল্পের প্লট খুঁজতে খুঁজতে বল্লাম _
শোন তাহলে বলি তোদের _ভূতেদের ভোটের রঙ্গলীলা। লালু ভলু চমকে উঠে অবাক হয়ে বলল ভূতেদের ভোট হয়? তুমি কি ভূতেদের ভোট নিতে যাবে? ওদের কথায় একটু হাসি পেল ঠিকই কিন্তু মুখটা বেশ ভারী করে বল্লাম আগে শোন পুরোটা তারপর তোদের প্রশ্নের জবাব দেব। লালু ভলু আমার কোল ঘেঁষে দুজনে দুইপাশে কোলে মাথা রেখে শুয়ে পড়ল আমার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে। যেন ভূতের গল্প মানেই টানটান উত্তেজনা ও ভয় পায় ওরা।
“ব্রহ্মদৈত্য চশমা এঁটে হাঁকলেন, “ওরে, তোদের SIR (Special Intensive Revision) শুরু হলো!” পেত্নী ভয়ে কাঁচুমাচু, “শ্যাওড়া গাছে কি আধার কার্ড লাগবে?” ব্রহ্মদৈত্য চটলেন, “গাধা! আধার কার্ডে ছবি গুলোই তো এক একটা ভূত প্রেত। আধার কার্ডের ছবি দিয়েই ত ভোট দিতে হবে।
আর ভোটার তালিকায় নাম না থাকলে ভয় দেখাবি কাকে? নাম কাটা গেলে কিন্তু ঘাড় মটকানো শিকেয় উঠবে!” শুনেই সব ভূত কাঁপতে কাঁপতে ফর্ম ভরাট করতে বসল।
শ্মশান রাজ্যের মাঠের ধারে যে বুড়ো অশ্বত্থ গাছটা দাঁড়িয়ে আছে, সেটার ডালপালার মধ্যে এখন প্রবল চাঞ্চল্য। মানুষের সমাজে ভোট মানেই মারপিট আর কারচুপি, ছাপ্পা ভোটের কারসাজি কিন্তু ভূতেদের জগতে বিষয়টা বেশ বিচিত্র। সেখানে ইস্তেহার মানে মরা মানুষের হাড়গোড় নয়, বরং কে কত ভালো ‘ভয়’ দেখাতে পারে তার ফিরিস্তি। কে কত মানুষকে বিভ্রান্ত করে ঘাড় মটকে দিতে পারে তার ফিরিস্তি। কে কাকে ভুলিয়ে ভালিয়ে অন্য রাস্তায় ছেড়ে দিতে পারে তার ট্রেনিং। ওই ডাক তো ভুলভুলাইয়াকে, সে ব্যাটা বড্ড ফাঁকিবাজ হয়েছে আজকাল। খালি চুপচাপ শুয়ে ঘুমাচ্ছে আর পণ্ডিত লোকেরা ইন্টারনেটে সার্চ করে গুগল ম্যাপ দেখে রাস্তা ঠিক করে নিচ্ছে।
অমাবস্যার রাতে মাঠের মাঝখানে ব্রহ্মদত্যি মশাই বসেছেন বিচারকের আসনে। পৈতেটা কাঁধ থেকে ঝুলছে, আর হাতে একটা খবরের কাগজ—সেটা অবশ্য গত শতাব্দীর।
উল্টোদিকে দাঁড়িয়ে আছে জনা চারেক প্রার্থী। মেছোভূত প্রস্তাব দিয়েছে, সে জিতলে পাশের পানা-পুকুর থেকে টাটকা শোল মাছের মুড়ো প্রতিটি পেত্নীর হেঁশেলের দরজায় পৌঁছে দেবে। গেছোভূত আবার একটু আধুনিক; সে বলছে, “গাছে চড়া এখন ওল্ড ফ্যাশন, আমি জিতলে প্রতিটি তালগাছে লিফট বসিয়ে দেব।”
সবচেয়ে বিপদে পড়েছেন কঙ্কালবাবু। ওনার হাড়ের জয়েন্টে আজকাল বড্ড চড়চড় শব্দ হয়। ভোটাররা অভিযোগ করছে, উনি নাকি ভয় দেখানোর সময় খটখট শব্দ করে আগেই নিজের উপস্থিতি জানান দিয়ে দেন। এতে সারপ্রাইজ এলিমেন্ট নষ্ট হচ্ছে। কঙ্কালবাবু কাঁচুমাচু হয়ে বলছেন, “একটু মোবিল মাখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন।”
ওদিকে পেত্নী মাসি নির্দল প্রার্থী। তার দাবি, শ্যাওড়া গাছে এখন বড্ড ভিড়, থাকার জায়গা নেই। সে জিতলে প্রতি ভূত-পরিবারকে একটা করে নিরিবিলি পোড়ো বাড়ি অ্যালট করে দেবে।
ভোটের প্রচার চলছে জোরকদমে। দেওয়ালে চুনকাম করার বদলে ভূতেরা সেখানে অদৃশ্য কালিতে লিখছে— ‘অমুক ভূতকে ভয় দিন’। অমুক ভূতকে অদ্ভুত করুন।
মামদো ভূত হটাৎ ইউরেকা বলে খ্যাখিয়ে উঠলো। ব্রহ্মদত্যির পিলে চমকে গেল হটাৎ ইউরেকা চিৎকারে, কঙ্কালবাবুর ভাঙা হাড়গুলো আরো চড়াচড় খটখট শব্দে কেঁপে উঠল। পেত্নী শাকচুন্নি সবাই খনা গলায় বলল কী হয়েছে মামদো? হটাৎ এমন বিটকেল চেঁচালে ক্যানে?
আরে ভাই ঐ দ্যাখ উ পাড়ার নিবারণ চক্কত্তি শালা গেছো ভূত হয়েছিল কিন্তু উয়ার ব্যাটারা তো গয়ায় পিণ্ডী দিয়ে ভূতের জীবন শেষ করে সগ্গে পাঠায় দিয়েছে, তাইলে উ ক্যানে ভোট দিতে আসবে? তারমানে নিশ্চয়ই ছাপ্পা ভোট চলছে।কঙ্কালবাবু বলল হ ঠিক কথা ত। মানুষের ভোটে শুনেছি ছাপ্পা ভোট চলে কিন্তু আমাদের এলাকায় ত ইমন ছিল না।
চল একবার মানুষদের ভোটের কাছে গিয়ে দেখি ওখানে কি চলছে।ওই দ্যাখ উটা ত আমাদের পেকো ভূত, পেকো ভূতের ভোট দিচ্ছে একজন জীবন্ত মানুষ, মৃত মানুষের নামে ছাপ্পা ভোট দিতে আসা লোকটাকে দেখে পেকো ভূত তো অবাক। পেকো ভূত জোরে চেঁচিয়ে বলল আরে এটা তো আমার ভোট। শ্লা তুই দিচ্ছিস…..
প্রিজাইডিং অফিসারটা পুরো পার্টির লোক চুপচাপ ভোট নিচ্ছে, তারা কি জানে?প্রবাল এই সাতদিন আগেই বাইক দুর্ঘটনায় মারা গেছে, নাকি জেনেও সব কিছু হজম করছে। পেকো ভূতের চিৎকার কেউ শুনতেই পেল না। কঙ্কালবাবু, মামদো ভূত বলল চল্ তো ব্যাটার ঘাড় মটকে দিই……
পেত্নি খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল এখন দিনের বেলায় সূর্যের আলোয় আমাদেরকে দেখে ফেলবে, ওখানে যাস না মামদো। এইবেলা চল কেটে পড়ি, রাত্রে ব্যাটার মজা দেখাবো।
আসল লড়াইটা কিন্তু ভয় দেখানো নিয়ে নয়, লড়াইটা হলো কে কতক্ষণ না হেসে মানুষের পিছু নিতে পারে। কারণ আজকালকার মানুষ ভূতেদের চেয়েও বেশি ভয়ংকর। মানুষকে ভয় দেখানো মানে পণ্ডশ্রম।
ব্রহ্মদত্যি মশাই বিরক্ত হয়ে বললেন, “আরে বাপু, ভোট দাও আর যাই দাও, সন্ধের পর শাঁখ বাজালে কিন্তু ডিসকোয়ালিফাইড!” সন্ধ্যা পেরিয়ে গেলে আমরা নিশ্চিন্ত মনে গাছে দোল খেতে পারি,ভয় দেখাতে পারি।অগত্যা ভূতেরা সব সুড়সুড় করে অন্ধকার গর্তে ঢুকে পড়ল। শ্মশান রাজ্যে গণতন্ত্রের হাওয়া এভাবেই হিমশীতল হয়ে বইছে।
গল্প শুনে দিদিও অবাক, কি করে তুই এতো সুন্দর করে গুছিয়ে গল্প গুলো বলতে পারিস রে সাবু?
লালু ভোলু বেজায় খুশি হয়ে জোরে হাততালি দিচ্ছে আর আমি মনে মনে ভাবছি শিশুদের আনন্দ দেওয়া কত্ত সহজ।
ছবিঃ বিশিষ্ট চিত্রকর যতীন্দ্রকুমার সেন
মূল গ্রাফিক্সঃ মণীশ দেব/গণশক্তি অনলাইন







