মিঠু মণ্ডল
লাল মোরামের রাস্তাটা থেকে যায় ডান দিকে রেখে বাঁদিকের আল জমিতে নেমে এল উর্বশী। এখনও এক ক্রোশের মত হাঁটা বাকিই। তারপরই বাপের বাড়ি। দুপুরে রেশনের চালের ভাত আর লাল মোরগের ঝোল খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবে , তারপর আবার তিন মাইল হেঁটে শ্বশুর ঘর ফিরে আসা। এমনটাই হয়। অবশ্য প্রতিবারই যে ফেরে এমনটা নয়। ভাইবউ জোরাজুরি করলে থেকে যেতেও হয় কখনো কখনো। যেমন এবার। থেকে যেতে হবে। তার নিজের স্বামী নাকি আসবে , ভাইয়ের বউকে খবর পাঠিয়েছে। অনেকদিন পর রাতে শ্বশুর ঘরে থাকবে। তার থাকার বন্দোবস্ত করতে হবে। অথচ সে জানে নন্দাইকে খুব একটা পছন্দ করে না প্রতিমা। তাই উর্বশীর এবার রাতটা বাপের ঘরে থেকে যাওয়া। অবশ্য মানুষটাকে পছন্দ কি সে নিজেও করে। তার ঘরে থাকতে বাধ্য হয়। তাই থাকে। না থেকে উপায়ই বা কি। সাত বছর হয়ে গেল, এখন কোলে এল না কেউ। অথচ যেই তাকে ফেলে মানুষটা অন্য মেয়ের ঘরে নাড়া বাঁধল, এখন বছর বিয়োচ্ছে সে মেয়ে। এ নিয়ে আগে চিৎকার করছে অনেক। এখন একেবারে চুপ উর্বশী। তবে ভাইয়ের বউটাও যে এখনও বিয়োচ্ছে না, তিন বছর পেরিয়ে গেছে। সমস্যা এখানেই।
অবশ্য বউকে দোষ দিয়ে হবেটা কি। ভাই, সে তো আর ঘরে থাকে না। বাঁশি হাত টো টো করে ঘুরে বেড়ায়। কোথায় যায়, কার সাথে থাকে, কি খায় কেউ কিছু জানে না। অবশ্য জানতে চাইলেও বলে না। প্রশ্ন শোনে আর তখন গোঁয়ারের মত চুপচাপ বসে থাকে। উত্তর করে না। তা এহেন ভাই যখন মাসে কয়েকটা দিনের জন্য ঘরে আসে, তখন ভাইকে বোঝানোর জন্য ডাক পরে উর্বশীর। এবারও সেই কারণেই আসা।
তা যে মানুষ জন্ম বাউন্ডুলে, তাকে কি আর বোঝানো যায়। সে তো বাঁশি বাজিয়ে মাতোয়ারা। সেই যে এক যাত্রাদলে ঢুকেছিল ফুলট শিল্পী হয়ে। কাল হয়েছিল সেটাই।
গতমাসে ননদ – ভাজ দুজনে একসাথে গুনীনের কাছে গিয়েছিল। গুনীন কড়কড়ে একহাজার টাকা নিয়ে বলেছিল — জমিন কি শুধু রসস্হ হলে হয় মা! সেখানে লাঙ্গল চাই, চাই মেহনত, ফলার মুখ মাটি চিরে রস বের করবে, তারপরই শক্ত হবে মাটি। আর চাই একটা পুরুষ্ঠ বীজ। এতকিছু একসাথে হলে তবে গিয়ে ফলবতী হবে সবকিছু । গাছ, আবার মেয়েমানুষও।তারপর টাকাটা কোঁচড়ে গুঁজতে গুঁজতে বলেছিল — ঘরে ঢোকার আগে খাদানের জলে গা ধুয়ে পাপ নামিয়ে যেও দুজনে।
পাপ কি, এবং কিসের। আর অসময়ে কেনই বা গা ধুয়ে পাপ ফেলতে হবে, কেউ বুঝল না। তবে ননদ ভাজ দুজনেই নামল জলে। খাদানের জলটা বড় শীতল। এই শীতল জলে গা ভেজালেই একটা খাই খাই ভাব জাগে শরীরে। একটা পুরুষ মানুষকে তখন ধরে চিবিয়ে খেতে সাধ যায়। তা চাইলেই কি আর পাওয়া যায়। তার নিজের পর বিয়ানী মরদ হয়তো অন্য বউটার পাশে বসে গল্প করছে। ভাবনাটা মনে এলেই খাবার সাধ চলে যায়।
উর্বশীর হাঁটায় কোন তাড়া নেই। স্হির চোখে দেখল ছোট ডোবা জলে ঝুঁকে পড়া অশ্বত্থের ডাল। তাতে দোল খাচ্ছে কতগুলো পাখি। হলুদ রঙা রোদটা সেই অশ্বত্থের পাতার ফাঁক দিয়ে মুখ বাড়িয়েছে। মিশে যাচ্ছে ডোবাটার জলে। এসব দেখতে দেখতে বুকের কষ্টটা সরিয়ে বাপের ঘরে পা রাখল। তার নিজের অপূর্ণতা, ভাইয়ের বউয়ের অপূর্ণতা। দুজনেরই যেন করুণ ভবিতব্য। কে আর কাকে দোষ দেবে।
ঘরে ঢুকেই দেখল ভাইয়ের বৌটা হুঁকোয় তামাক ভরে এগিয়ে দিচ্ছে বুড়ো শ্বশুরকে। ভাইয়ের হাতে বাঁশি। তার পান ছোপ লাল দাঁতে একগাল হাসি। বাবড়ি চুল, গলায় রুদ্রাক্ষের মালা। সাড়ম্বরে ডাকল — এত দেরি কেন দিদি। জামাইবাবু তো সকালেই এসে গেছে।
ডাক শুনে কিড়মিড় করে উঠল উর্বশী — পায়ে হেঁটে অতদূর থেকে আসতে সময় তো লাগবেই। তা সাইকেল টা নিয়ে এগিয়ে যেতে পারত তো। অত হাঁটতে হত না তাহলে আমাকে । নবাবের আর কাজ কি। তিনি যখন খুশি, যেখানে খুশি আসতেই পারেন। তাকে তো আর নিজের বাপ মা কে দেখতে হয় না। দেখতে হয় আমাকে। তাদের সব গুছিয়ে তবেই তো আসব। এবার তুই আর ঘর ছেড়ে কোথাও যাবি না ভাই। বউটার কাছে থাকবি।
— নাহ রে দিদি। কোথাও যাব নাই। তবে বেশিদিন ঘরে থাকতে যে মন সরে না। শ্রীদাম থামতেই ফুঁসে উঠল প্রতিমা — ওই বাঁশি আমি আগুনে পুড়িয়ে দেব এবার।
দড়ির খাটে এতক্ষণ চুপচাপ বসে থেকে জরিপ করছিল সবকিছু। প্রতিমা ফুঁসে উঠতেই বিনোদ — তা ভায়া , তোমাকে বেঁধে দিল যে তোমার দিদি আর বউ মিলে। তোমার এবার কি হবে তাহলে।
টলমলে গলা শুনে উর্বশী বুঝল — সাত সকাল। অথচ এখনি গিলে বসে আছে। আর শানিত দৃষ্টি প্রতিমার দিকে। জরিপ করছে মেয়েটার শরীরের উত্তল, অবতল সবকিছু। ক্ষুধার্ত হায়নার দৃষ্টি সে চোখে।
দুই
কটা গেঁড়ি গুগলি তুলতে হবে ডোবা থেকে। সন্ধ্যা বেলায় আসর বসবে, তখন চাই। ঝাল মশলার রান্না করে দিতে হবে এগুলো। এই নন্দাই মানুষটাকে একবারে পছন্দ হয় না। সাপের মত লকলকে জিভটা দিয়ে ঠোঁট চাটে সবসময়। দুটো চোখে যেন ভাটার টান। তাকায় বাঁকা চোখে। অথচ ননদটা এত ভালো, এনিয়ে কিছু বলতে সাধ হয় না।
কৃষ্ণচূড়া গাছটার ডালে এখন আগুন। চৈত্রের বিকেলে তার পাতা গুঁড়ি ছুঁয়ে কত না গল্প কথা উঁকি দেয়। বাতাসের নোনা স্বাদ বুকে নিয়ে সে তাকায় আকাশের দিকে। ফুলে ভরা গাছটাকে দেখলে খাঁ খাঁ করে ওঠে তার বুক। একটা অপ্রাপ্তি মুখ বাড়ায়। তাই এড়িয়ে যায়। এখন আর কোন উপায় নেই। ডোবা যেতে গেলে গাছটা পেরতেই হবে।
গুগলি তুলতে তুলতে কখন যে সাঁঝ হয়ে গেছে, নজর করে নি। ননদকে ডাকতেই পারত। কিন্তু ভাবল এতদিন বাদে ওরা স্বামী স্ত্রী দুজনে একসাথে। থাক ওরা নিজেদের মত। এখন ওদের বিরক্ত করে লাভ নেই। তবুও ঘরে ফেরার মুখে ভাবল ঠিক হয়নি কাজটা। সাঁঝ হয়ে গেছে। আবার ঘরে নন্দাই আছে, মানুষটার চাল চলন ভালো নয়। এটা ভুলল কি করে। অথচ তার জন্যই তো গেঁড়ি তুলতে আসা।
গেঁড়ি গুলো নিয়ে কৃষ্ণচূড়া গাছটা পর্যন্ত এসেছে, পথ আটকালো বিনোদ — এই সন্ধ্যায় তুমি একা। কোথায় গেছিলে। অনেকক্ষণ দেখিনি। হিসহিস করছে গলার স্বর।
তারপরই আবারও বলল — জানো তো, যে মেঘের জল ঝরানোর মুরোদ নেই, তার দাম নেই কোথাও। এস, আজ নরম মাটি হও আমার কাছে। তোমার বাঁজা জমিটাকে চষে দিলে তুমিও কৃষ্ণচূড়া গাছ হয়ে যাবে। প্রতিমা বলতে চাইছিল — এসব শোনাও পাপ। কিন্তু তার আগেই বিনোদের কর্কশ দুটো হাত চেপে ধরেছে। যত ছাড়াতে চায়, অক্টোপাসের বাঁধন আরো তীব্রতর হয়। ভয়ানক যন্ত্রণায় কুঁকড়ে যায় প্রতিমা।
আর প্রতিরোধের ক্ষমতা নেই। একদলা কান্না এসে কন্ঠরোধ করে দিচ্ছে প্রতিমার। শরীরে, ঠোঁটে খুশির লালা মেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল — এবার তুমি গাভীন হও। শোন, মন খারাপ কোরো না। এতে অসম্মান কিছু নেই।
লজ্জায় কুঁকড়ে গেছে প্রতিমা। সে যেন এক পরাজিত নারী। সংসারের সমস্ত ধুলো আর পাপ মেখেছে । কৃষ্ণচূড়ার শিকড় ছুঁয়ে শুয়ে আছে চুপচাপ। ভেজা চোখের পাতা থেকে টুপটাপ ঝরে পড়ছে নিঃশব্দ জলধারা। আকাশে এখন শুকনো শালপাতার মত ক্ষয়াটে চাঁদ। রাত গড়িয়ে গেছে অনেকটা। ঝিঁ ঝিঁ ডাকা অন্ধকার দখল নিয়েছে চারপাশের। প্রতিমা চুপচাপ, বসে আছে সর্বহারার মত।
মোরগ ডাকা ভোর উঁকি দিচ্ছে। ঘরের সকলে ডোবা পর্যন্ত খুঁজতে এসে দেখে কৃষ্ণচূড়ার শিকড় ছুঁয়ে পড়ে আছে প্রতিমা। জলের দাগ দুটো চোখের কোলে।
— তুই এখানে ? সারা রাত একা পড়ে ছিলি? আমরা গোটা রাত তোকে খুঁজে খুঁজে একসা। কি হয়েছে বউ, বল। তোর গায়ে এগুলো কিসের দাগ? ননদের একটা প্রশ্নেরও উত্তর দিল না। একবার ঘৃণা নিয়ে নন্দাইয়ের দিকে তাকায়। তারপর ডুব দিল পুকুরের শীতল জলে। এমনভাবে শরীর রগড়াচ্ছে যেন পৃথিবীর সমস্ত পাপ ধুয়ে নিচ্ছে। ঠিক যেমনটি গতমাসে গুণীন বলেছিল। তারপর ভেজা কাপড়ে ঘরে ফিরতে ফিরতে একবার কৃষ্ণচূড়া গাছটাকে দেখে নিজের পেটে হাত রাখল। উর্বশী বোকার দৃষ্টিতে দেখছে সবকিছু।
হেঁটে চলেছে ঘরের দিকে। ভালো-লাগা একটা স্বপ্ন নতুন করে দেখবে নাকি অপমৃত্যু হল তার লালিত স্বপ্নের। বুঝতে পারছে না প্রতিমা।
ভাস্কর্যঃ অলকানন্দা দাশগুপ্ত/প্রতিদিন







