এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

খড়্গপুরের ধুলোবালি, এক বিশ্বপথিকের ডায়েরি আর আশ্চর্য নস্টালজিয়া

সৌমেন গঙ্গোপাধ্যায়

আচ্ছা, কেমন লাগবে বলুন তো, যদি জানতে পারেন সুদূর কানাডা বা অস্ট্রেলিয়ার কোনো এক ড্রয়িংরুমে বসে, জীবনের শেষ প্রান্তে এসে একজন খাঁটি সাহেব বা ইউরোপীয় মানুষ তাঁর জীবনের সেরা দিনগুলোর কথা লিখতে গিয়ে প্যারিস, লন্ডন বা সিডনির গল্প ফাঁদলেন না, বরং পাতার পর পাতা জুড়ে পরম মমতায় স্রেফ একটা শহরের নামই লিখে গেলেন— আমাদের খড়্গপুর!

শুনতে সিনেমার মতো লাগলেও ঘটনা কিন্তু এক্কেবারে সত্যি। বছর দশেক আগে হঠাৎ করেই ইন্টারনেটের পাতা ওল্টাতে ওল্টাতে একটা দুর্লভ বইয়ের খোঁজ পেয়েছিলাম। নাম—”Highlights Among the Shadows” । লেখক এক সাহেব, নাম  ওয়েন আর. ক্লিমেন্ট (Owen R. Clement)। ভদ্রলোকের জন্ম ১৯২৮ সালে, আর বেড়ে ওঠা? হ্যাঁ, আমাদের এই খড়্গপুরেই! পেশার সূত্রে, ব্যবসার খাতিরে গোটা জীবন তিনি পৃথিবী চষে বেরিয়েছেন— ইংল্যান্ড থেকে কানাডা, অস্ট্রেলিয়া থেকে নিউ গিনি। কিন্তু জীবনের উপান্তে এসে যখন তিনি নিজের আত্মজীবনীটা লিখতে বসলেন, তখন খড়্গপুরের প্রতি তাঁর টান দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না! আমাদের এই চেনা রেল শহরটা ওঁর কলমে যেন একটা মায়াবী রূপকথা হয়ে ধরা দিল।

বইটার পাতা ওল্টালে চা-আড্ডার আমেজেই ওঁর স্মৃতিগুলোর গন্ধ পাওয়া যায়। ১৯০৯-১৯১০ সালের দিকে ওঁর বাবা যখন বিএনআর (BNR) বা বেঙ্গল নাগপুর রেলওয়ের লোকো শেড আর ওয়ার্কশপে ‘অ্যাপ্রেন্টিস’ হিসেবে যোগ দিচ্ছেন, সেই ভারী লোহালক্কড়ের আওয়াজও ওঁর কাছে ছিল এক অদ্ভুত মিউজিক। ১৯৩০-এর দশকের খড়্গপুর রেল কলোনির বড় বড় জানলাওয়ালা নিঝুম বাংলো, সাজানো বাগান, আর বিকেলে ‘রেলওয়ে ইনস্টিটিউট’-এর সেই গমগমে আলো-ছায়ার পরিবেশ— সাহেব যেন ওঁর কলম দিয়ে হুবহু আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছেন।

বইটির পাতা ওল্টাতে ওল্টাতে যখন ওঁর খড়্গপুরের স্মৃতির ভেতর ডুব দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল সাহেব যেন আমাদের হাত ধরে ওঁর সেই শৈশবের দিনগুলোয় নিয়ে গেছেন। খড়্গপুরকে নিয়ে ওঁর নিজের মুখের কথাগুলো বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ঠিক এইরকম:

“আমার জীবনের পরিধি আজ পৃথিবীর বহু দেশে বিস্তৃত হতে পারে, কিন্তু আমার মনের একটা বড় অংশ চিরকাল খড়্গপুরের সেই লালমাটির ধুলো আর কোয়ার্টারের চেনা বারান্দাটাতেই রয়ে গেছে। আজও চোখ বুজলে আমি শুনতে পাই নিঝুম দুপুরে খড়্গপুর লোকোশেড থেকে ভেসে আসা স্টিম ইঞ্জিনের সেই চেনা বাঁশির শব্দ।

আর মনে পড়ে খড়্গপুরের সেই চওড়া বারান্দা আর বিশাল কম্পাউন্ডের কোয়ার্টারে আমার ছোট বোন মেলভার (Melva) সঙ্গে চলত আমাদের রোজকার অবিরাম খুনসুটি আর দুষ্টুমি। ভাই-বোনের সেই অম্লমধুর লড়াইগুলো ছিল আমাদের শৈশবের সবচেয়ে রঙিন অংশ। খড়্গপুরের তপ্ত দুপুরে যখন বড়রা সবাই ঘরের ভেতরে জিরিয়ে নিতেন, আমরা তখন বাড়ির পেছনে আম বা জাম গাছের ছায়ায় বসে একে অপরের খেলনা কেড়ে নেওয়া বা কার চুড়ি বেশি সুন্দর—তাই নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিতাম। মাঝেমধ্যে মেলভা রেগে গিয়ে মায়ের কাছে নালিশ করার ভয় দেখালে, আমি ওকে লোকো শেডের কয়লার কালির ভয় দেখিয়ে ঠান্ডা করতাম!

খড়্গপুরের সেই মুষলধারে বৃষ্টি আর মেঘের ডাক আজও আমার কানে বাজে। যখন রেল কলোনির অ্যাসবেস্টস বা টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো ড্রামের মতো শব্দ করত, আমি আর মেলভা জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকতাম। কোয়ার্টারের বাগানটা জল থৈ থৈ করত, আর আমরা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিতাম। বাইরে বৃষ্টির শব্দ, ট্রেনের দূরগামী হুইসেল আর ঘরের ভেতরের সেই ওম— এই নিয়েই ছিল আমাদের খড়্গপুরের অবিনশ্বর শৈশব।

ছোটবেলায় বাবার হাত ধরে খড়্গপুর স্টেশনের ওই বিশাল লম্বা প্ল্যাটফর্মে হাঁটার অনুভূতিটাই ছিল আলাদা। লোকো শেড থেকে আসা কয়লার ধোঁয়া, ইঞ্জিনের গরম বাষ্প আর ট্রেনের চাকার সেই পোড়া তেলের গন্ধটা বুক ভরে নিতাম। আমাদের কাছে ওটা কোনো দূষণ ছিল না, ওটা ছিল খড়্গপুরের নিজস্ব সুগন্ধ। প্ল্যাটফর্মের হকারদের চিৎকার, ট্রেনের চাকার ‘খট-খট’ শব্দ আর গার্ড সাহেবের সবুজ পতাকা নাড়ানো— এই সবকিছু মিলে খড়্গপুর স্টেশনটা ছিল আমাদের কাছে এক জীবন্ত থিয়েটার।

বিকেলে যখন রেলওয়ে ইনস্টিটিউটের আলো জ্বলে উঠত, পিয়ানোর সুরে মেতে উঠত চারপাশ, তখন মনে হতো এই শহরটার চেয়ে নিরাপদ এবং সুন্দর জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমরা যারা সেখানে বড় হয়েছি, আমাদের কাছে খড়্গপুর কেবল একটা রেল-জনপদ ছিল না, ওটা ছিল একটা আস্ত পৃথিবী—যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ এক অদ্ভুত মায়ায় মিলেমিশে থাকত…”*

এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খড়্গপুর যখন একটা বড় সামরিক ঘাঁটি হয়ে উঠল, সেই বাজারের রেশনিং, চারপাশের থমথমে যুদ্ধকালীন উত্তেজনাও সাহেব বাদ দেননি। আর সবশেষে এসেছে সেই মন খারাপ করা অধ্যায়— ১৯৪৭-এর দেশভাগ। যে শহরটাকে তাঁরা নিজেদের ঘর ভেবেছিলেন, দেশভাগের পর চেনা চেনা মানুষগুলো কীভাবে আস্তে আস্তে খড়্গপুর ছেড়ে সুদুরের টিকিট কাটল, সেই বিদায়ের দীর্ঘশ্বাস সাহেব লিখেছেন বড় করুণ সুরে:

“যেদিন খড়্গপুর ছেড়ে চিরকালের মতো আমাদের ট্রেনটা ছাড়ল, আমি জানলা দিয়ে অপলক চোখে তাকিয়েছিলাম। প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছিল, আর আবছা হয়ে আসছিল আমাদের চেনা কোয়ার্টারের ছাদ, রেলওয়ে ইনস্টিটিউটের চত্বরটা। মেলভা তখন আমার হাতটা শক্ত করে ধরে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমারও গলার কাছে কী যেন একটা দলা পাকিয়ে আসছিল। আমরা জানতাম, আমরা এক নতুন পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি বটে, কিন্তু আমাদের জীবনের সেরা অংশটা, আমাদের আসল ‘হোম’, এই খড়্গপুরের মাটিতেই চিরকালের মতো ফেলে রেখে যাচ্ছি।”

আসলে এই বইটি পড়তে পড়তে একটা জিনিস খুব তীব্রভাবে ফিল করা যায়— খড়্গপুর কেবল একটা ভৌগোলিক মানচিত্র বা জংশন স্টেশন নয়; খড়্গপুর একটা নেশা , একটা ইমোশন, একটা জীবন্ত সত্তা। যে মানুষটা গ্লোবাল লাইফস্টাইলের চূড়োয় বসেছিলেন, তিনিও খড়্গপুরের রেলের বাঁশির শব্দ আর ওখানকার ধুলোবালিকে বুকের গভীরে এত যত্ন করে রেখে দিয়েছিলেন! সাহেব তাঁর শিকড় ভোলেননি।

বইটার পিডিএফ ফাইলটা এখন ইন্টারনেটে পাওয়া বেশ কঠিন, কারণ বড্ড দুর্লভ বই। তবে সাহেব ওঁর মনের সবটুকু আলো-ছায়া দিয়ে খড়্গপুরের যে অর্ঘ্য সাজিয়েছেন, তা খড়্গপুরকে ভালোবাসে এমন প্রত্যেকটা মানুষের বুকে এক চেনা সুর বাজিয়ে রেখে যায়— যে সুর খড়্গপুরকে ভালোবেসে কখনো ভোলা যায় না।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?