জয়ন্ত চট্টোপাধ্যায়
১.
ফেরিঘাট
মাঝেমাঝে ভুলে যাই আরশিনগর বেশি দূরে নয়
শ্মশানবন্ধু হয়ে একদিন হয়তো সেই তপোবনে পৌঁছাই।
সবুজ সমুদ্রে ছায়ারা খেলে। ওরা নিবিড় সংসর্গ জানে।
রূপান্তরের ফেরিঘাটে বিরহ-রোদ ছায়াঢেউ আঁকে।
পাখিডাকের সরগমে বেদনার স্পর্শমাত্র নেই।
দ্বিতীয় ঠিকানায় বস্তিদেশ মিলে যায় অবিকল শৈশবে।
তখনও ইতিহাস উত্তরবস্ত্র ঢাকা। সংকোচহীন।
চোখমেলানো বন্ধুতায় বেলশাখা, নয় আর ছয়ের গল্প
অবিকল ছায়াচিত্র মেলে। সেই ডাল আর দড়ির ইতিবৃত্ত
সহস্র কান্নার রোল, নান্দনিকতাহীন কাব্যে মাধুর্য নেই।
অবহেলায় স্বপ্নযাপনের সুখ ঠেলে চাবুকদগ্ধতা ফেরায়
তপোবন। মাদকমেশানোসুখে নিরুৎসুক দেহমন জ্বলে।
বিপর্যয় হরমোনের ঘায়ে অন্ধদৌড়…
হায় প্রাক্জন্মের ঘাট !
২.
গাঁয়ে গাঁয়ে শরৎ ফুটেছে
যার আসার কথা, আসেনি সে, আসবে কি ?
এই বলে উড়ে গেল মেঘ, গোলাপি আলোর ঠোঁটে
হাসি রেখে বিকেল ফুরিয়ে এলো।
তিন পা কুকুরের মতো স্থির লক্ষ্যে পাখিরা বাসায় ফেরে।
নানা গন্ধে বাঁধা সময়। তুলোতুলো কাশে অজস্র কিশোরী
ফোটে, তারা সব ক্ষণজন্মা দুর্গা।
সবুজ ফড়িং ওড়া মাঠে হিম নামে, গোত্রহীন প্যাঁচাডাকে
আগাছাগন্ধ সন্ধ্যার ঘোর, মসলিন মেঘে অজস্র রাতফুল৷ শালুক ডোবায় একলা ডাহুকী চেয়ে শবরীর চোখে,
তার শুধু আলোর পিপাসা৷
বাবলার ঝুমবনে জোনাকির জরির ঝিলিক,উদাস বাতাসে
শরপাতা সুর বাজে। অখ্যাত খালপার স্বর্গ মেখে বসে। অজানা তিথিতে আগমনী গান বাজে, অনেক না-য়ের বুকে
শিউলি উল্লাসে গাঁয়ে গাঁয়ে শরৎ জেগেছে।







