এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

উৎপলেন্দু পাল

———————–

মধ‍্যমা সংক্রান্ত উপপাদ‍্য

জীবনের মধ‍্যমা বরাবর হেঁটে চলি
নিশ্চিত ভরকেন্দ্রের সন্ধানে
তিন দিকে টেনে ধরে তিন বাহু
কোন এক অজ্ঞাত আচরণে

ভরকেন্দ্র হারিয়ে ফেলি প্রতিবার
কোনো মায়াবী ছলনার বশে
তবুও হেঁটে চলি মধ‍্যমাপথ ধরে
এক আজন্মলালিত অভ‍্যাসে।

আজ উৎসব

নতুন কাপড়ের ভাঁজে ভাঁজে
খুঁজে ফিরি লজ্জাহীন ছবি
পুষ্পাঞ্জলীর ফুল বেলপাতায়
লেগে থাকে মৃত‍্যুর সুবাস
মহাভোগের শালপাতার বাটি
যেন কুরুক্ষেত্রের রণপ্রান্তর
পথ চলতি মানুষের কানে কানে
উল্লাসে বেজে ওঠে রুদালীর সুর
উৎসব মুখর ক্ষয়িষ্ণু রাত জুড়ে
শুধুই নক্ষত্রপাতের আওয়াজ
বিসর্জনের মিছিলে বেজে ওঠে
বেনারসী মুজরার দরবারী ঠাঁট
আজ রাতভর শুধু নিমগ্ন সঙ্গম
ভোর ভোর মৃত‍্যুর আকাঙ্খায়।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?