এখনই সংগ্রহ করুন...

আজকের তারিখঃ

সময়ঃ

আরও পড়ুন...

শোক জ্ঞাপন

লাশেরা কেউই নেই

ঘাসে শুধু রক্ত লেগে আছে
রাত্রি এখন শোকস্তব্ধ, নীরব

তখন চুপিচুপি হামাগুড়ি দিয়ে
একজনের রক্ত
অন্যের রক্তের পাশে আসে —
যেন কেউ টের না পায়

‘তুমিও কি আমারই মতো?
হিন্দুর রক্ত ছিলো গা’য়?’

হঠাৎ পাহাড়ী ঝোরার শব্দ…
ঘোড়সওয়ার আদিল হুসেন শাহের রক্ত
গড়িয়ে নেমে
দুজনের রক্ত মুছে যায়।

পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। নিরীহ মানুষের উপর এই নির্মম সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে অটল থাকি।

আমাদের শোক

সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও ক্রু সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক। এই দুর্ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতিগত বেদনার এক অসহনীয় অধ্যায়। প্লুতস্বরের পক্ষ থেকে আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। 

একগুচ্ছ কবিতাঃ সৌভিক ঘোষ

জন্মান্তর ঘুরে আসি

দীর্ঘ চলাচলের ভিতর বৃষ্টি আসে
নীল জাদুকর ফানুস ওড়ায় বসন্ত বাতাসে
বোধিবৃক্ষের কাছে তখন অনেক বিনোদিনীর স্বর
জেগে ওঠে; যেভাবে মেঘ আর গোধূলির ভিতর
ভেসে যায় সব
আমাদের আজন্ম প্রেম, আজন্ম বৈভব
ভুলে গিয়ে দেখি সেই জাদুকরের বেশ
বৃষ্টিমতে হয়ে উঠি মেধায় অশেষ
বোধিবৃক্ষের নিচে তখন‌ও বেজে যায় বাঁশি
আর অবসরপ্রাপ্ত আমরা চিরদিন জন্মান্তর ঘুরে আসি।

 

জ্যোৎস্নাটুকু পড়ে আছে

ঘুম ভেঙে দেখি পিতার অন্নপ্রাশন
দূত এসে দাঁড়িয়েছে আলয়ের কাছে
ঘুমের পরীরা সব আমাদের বোন
শান্ত চরাচরে জ্যোৎস্নাটুকু পড়ে আছে।

আছে চেনা সাকিন, দেবগন্ধ, ভোর
আলোয় আলোয় লেখা আকাশ জ্বেলে জ্বেলে
নদী ও নক্ষত্রেও লেগেছে সেই ঘোর
যখন তখন কুসুমরঙা আঁচল উড়ে গেলে।

হাওয়ায় হাওয়ায় হরিৎ বৃক্ষ দোলে
ভেসে আসে কবেকার অমৃতবাক্য, হরিনাভি
ঘুমের পরীরাও সব পিতার কোলে
এ সকল‌ই অনুধ্যান, এ সকল‌ই ভাবি।

অবিরাম শান্ত পূজারীর বেশে
ভাবনার ভিতর দিয়ে চলে যায় সময়
আমরাও অকারন হেসে হেসে
পিতার মুখোমুখি হ‌ই, আশ্চর্য তন্ময়।

কুসুমরঙা আঁচল ওড়ে হাওয়ায়
যুগে যুগে দূত আসে আলয়ের কাছে
আমাদের অর্বাচীন আসা যাওয়ায়
শান্ত বরাভয়ে জ্যোৎস্নাটুকু পড়ে আছে।

 

অপরূপ জনহীনতায়

আশ্চর্য সরোবরের বুকে ছায়া ফেলছে হরিণী ও চাঁদ
বুকের কুসুম মিলিয়ে যাচ্ছে যেন ছন্দে ছন্দে সুগভীর
বাসনালব্ধ প্রতিটি অলৌকিক গোপন প্রবাদ
স্মরণাতীত অভিসারের ভিতর মগ্ন রেখে স্মৃতির শরীর।

স্মৃতি থেকে প্রবাদগুলি ছায়া ফেলে সরোবরে আবার
ডুবে যায় অপরূপ জনহীনতায় সব আঙিনা পেরিয়ে
উৎস, জন্ম, দৃশ্যলোক ভেদ করে যুগে যুগে বার বার
কত জন্মের ছায়াপাত ঘটে এক জন্মের ভিতর দিয়ে।

ভিতরমহলে জবরদখল, অভিসন্ধি, সারাৎসার মেলে
কুসুমগন্ধে দেনা ধীরে ধীরে আশ্চর্য রং সব ছড়িয়ে যায়
জন্ম জন্মান্তর ধরে আলোয় আলোয় আকাশ জ্বেলে
আঙিনা পেরিয়ে উঠে আসে ভোর অপরূপ জনহীনতায়।

 

বেজে ওঠে প্রণাম প্রণাম

দেবগর্ভা স্বাক্ষর দিলেন সাক্ষাৎ পরমাকে
স্থির করলেন একান্তে মুক্তি, স্থিতি, প্রনয়
মেধায় উজ্জ্বল হয়ে উঠল চতুর্দিক তখন
নিহিত ক্লান্তি থেকে ফুটল গভীর পদ্ম যত
সাক্ষ্য মতে সমস্ত দিন শরীরময়
জেগে রইল যেন পুন্যশ্লোকের মতো
ধীরে ধীরে কুসুমেও দেবগন্ধ লেগে যায়
দেহের ভিতর ঝাঁকে ঝাঁকে
আগুনরঙা পাখি ওড়ে দিগ্বিদিকে যখন
ভেসে ওঠে সব নদী, নক্ষত্র, গ্রাম
আকাশ ধ্বনিত হয়ে আসে গভীরতম পরমায়
আর চতুর্দিক থেকে বেজে ওঠে প্রণাম প্রণাম।

 

কবেকার শৈশব

নিহিত চিন্তার সৌরভ স্মৃতি ছুঁয়ে আছে
ঘুমের ভিতর, দিগন্ত ছায়ায় দূরে কাছে
স্মৃতির অতলে থাকে কবেকার সেই নারী
ফুটে উঠে ভেসে রয় আশ্চর্য মনোহারী
স্বর তার; একান্তে ঢেউ তোলে সমস্ত আকাশে
যেখানে নীল প্রজাপতি যত নক্ষত্রে, ঘাসে ঘাসে
বীজ বোনে; ছড়ায় রং ঘুমের ভিতর সকল শাখায়
সাক্ষী রেখে আকাশ, দিগন্ত নারীটির কাছে চলে যায়
ঘুমের ভিতর হতে নড়ে ওঠে সে নারীর শব
চতুর্দিকে নীল প্রজাপতি, মনে পড়ে কবেকার শৈশব।

পড়ুন, ভাবুন, শেয়ার করুন

নতুন গল্প, কবিতা, রিভিউ ও চিন্তার খোরাক নিয়ে আমরা হাজির
— আপনি কি তৈরি বাংলা সাহিত্যের এই যাত্রায় সঙ্গী হতে?