ঈশ্বরত্ব পাবার জন্য কত যে ধরাধরি করতে হয়
ক্রমে হুলুস্থুলু কমে যায়। আরব্যরজনী থেকে যে জীবন পেড়ে আনা ছিল অন্ততঃ ভেবেছি হাওয়ার দৌলতে কুয়াশা লাগবে না গায়ে, মেঠো জোনাকির তেজোদীপ্ত বাঁচা আমি বেঁচেছি অনেক, ভেবেছি বাউলানী আঁচল ফিসফিস আমাকেই ডেকেছে নবাব-বাউল, দু’পায়ে অস্বীকার আমি ট্রয়ের ঘোড়াটিকে হিংস্র আস্তাবল থেকে দড়ি খুলে নিয়ে এসে ছেড়ে দিই ময়দানের আসঙ্গ ঘাসে
এরকম ভাবনা আমার, বহে বসন্তবায়ু
পতঙ্গ নিহিত স্রোত-ছলাকলা থেকে মানুষের, মানে আমারই বন্ধু-বান্ধবের কত যে ডানা হয় ধানের ক্ষেতের পাশে বর্ষণ এসে থেমে থাকে এবং চাষীদের কাকুতি-মিনতি শোনে আমার বন্ধুরা ওড়ে, বর্ষাকাল ক্ষয়ে যায় সারা রাত। খুব মিহি রাতে কোনো কোনো দিন নক্ষত্রেরা রাস্তা পারাপারের সময় প্রায় চাপা পড়ে, ব্রেকের শব্দে রাতের কুকুরেরা ভয় পায় ট্রাফিক সিগন্যাল তেমনই বেশরম, ফিক্ ফিক্ হেসে এ ওর গায়ে পড়ে যায় আমারই চোখের উপরে
এসময় আমি কী বা বোঝাপড়া করে নিতে পারি! বড়ো জোর আমি আর জাগব না, ঘুমবোও না যেসব ইথার ক্রিয়া প্রত্যেকেই করে, নিভিয়ে রেখে আসি, গাছের পাতার উপরে অশরীরী ছায়া টুপ করে লাফ দিয়ে বসে, আমাকে ভীরু হতে পরামর্শ দেয়
গৃহস্থ্য রমণ দেখে ফিরে গিয়ে প্রবল আক্রোশে যারা রণক্ষেত্র ধাবন করে, তাদের প্রত্যুষে আমি ঘুরে আসি, কথাবার্তা চালাই ঝানু গোয়েন্দার চোখ হেনে
২
অক্ষরবাজ নির্জনতায় হেঁটে যাওয়াটুকু টের পাই
এই একটা খেলায় কতদিন হলো কলকলরত! অভিযোগ করি
পুকুরে নামার পর জল আমাকে সাঁতরায়, উপুড় ও চিৎ
আমরা এ ওকে সাঁতরে দেখেছি কেটে যাচ্ছে দিন, কোথাও যাই না
এভাবে দেখেছি অক্ষরেরা খুব প্রগলভ, আমাকে মূঢ় বালকের খেলা
কানামাছি ভঙ্গিটি দিয়ে ছোঁয়াছুঁয়ি দিতে আসে …
আমি কি ভীত নই! অন্ধ বাসনাতে মুখ থুবড়ে পড়ে যেতে পারি
ঘুরে আসি বিকেলের আগে, পেছনে সূর্যের রঙিনতা তখনো রয়েছে, অভিমান
শোনো যূথগান, আমি আরো ভয় পাই, রাত এসে নির্জনতা দিলে
অন্ধকার দিলে, আমার অকর্মন্যতা কেড়ে নিয়ে কেজো মানুষের ভঙ্গি দিলে
আমি খুব ভয় পেয়ে ফের ডেকে আনি বন্ধু অক্ষর …
করুক, নাহয় তামাশা করুক। এভাবে ভেবেছি, ওরাই আমাকে চায়, আমার পেছনে
ছোটাছুটিরত ওইসব অক্ষরকণা এবছর নতুনতা পাবে, আমাকে রাঙাবে
আমিও তাদের পুজোর আগে আগে নতুন জামাকাপড় কিনে দিতে পারি …
এটা একটা খেলা, খুব ক্লান্ত হলেও পরদিন না খেলে থাকতে পারি না, মরে যাই
৩
সম্পর্কেরা এসে বসে, দোল খায় ভেজা তারের উপর
একটা সবুজ বর্ষার কথা লিখে যেতে চাই, যেন কোনো উষ্মা না থাকে
ঘাসের পাতায়, যেন প্রতিটি স্রোতের কাছে নদী গুনগুন গান
জমা রেখে ঘুরে আসতে পারে এদিক ওদিক
যে আমাকে প্রকাশ্যে কুয়াশা দিয়েছে, দেবে, তার নগর ও গ্রামের ভেতর
যেতে যেতে আমি নিজেই মাদুর পেতে স্বপ্ন বসিয়ে আসি
দু’চারটে ফুল ফুটতে থাকুক ওইদিকে, ওইদিকে নৃত্যরত বর্ণমালা হোক
আমার কাহিনির উপরে শামিয়ানা থাকবে না কোনো, কৌশলও না
পা পিছলে যেতে যেতে আবার উঠে পড়ব, হাতে পায়ে কাদা লাগবে খুব
ভোরের জেগে ওঠা দেখে হাততালি দেব, চোখে পড়বে স্নিগ্ধ প্রান্তর
তারপর ধোঁয়া ওঠা উনুন জাগিয়ে বাঁশের বেঞ্চে বসে চা-বিস্কুট খাওয়া
কুশলতা নেব কারো কারো, জোনাকি পাড়ার কথা বলে যদি কেউ বিড়ি চায়, দেব
আমার জুলাই মাস ভিজে আছে, তার ভেজা চুল মুছিয়ে দিয়েছি, সে আমাকে
দিতেও পারে শাড়ির ভাঁজের ঘ্রাণ, আলনার উদারতা কিছু
৪
একজন আমি প্রতিদিন কিভাবে কী হতে চাই
আসে ভ্লাদিমির পুতিন। কোথায় বসাব তাকে, চেয়ারে জল লেগে আছে
আমি কি সে জল মুছে সৌজন্য দেখাব! যদি তোষামুদে ভাবে —
আমাকে তাকাতে হয় তার শৌর্যের দিকে, সমস্ত মিথ্যেকথারা
তাকে বধ্যভূমিতে টেনে নিতে গিয়ে ব্যর্থ হয়েছে, ভাবি আমি কী এমন হরিদাস
এরকম প্রবল মহানায়কের সামনে মাথা ঝোঁকাতে ইতস্তত করি! স্মিত হাসি দিই
এইবার উর্বর হয়েছে দেখি বাংলার মৃত্তিকা সকল, দেখি গয়নাগাটি বাজিয়ে
মেয়েরা গড়িয়াহাটে ঘুরে বেড়াতে লেগেছে, ফুটপাত ক্লীশে হয়ে আসে আগের মতোই
আমাকে পথচারিতার নিয়ম শিখতে যেতে হয় গঙ্গা পেরিয়ে উঁচু বাড়িটিতে
সে বাড়ির দ্বাররক্ষক পথ আটকালে মানি ব্যাগ বের করি, যাতায়াত ক্রমেই অবাধ হলে
আমি নিউজপেপার থেকে সংবাদ টুকে আনি, চায়ের দোকানে গিয়ে পণ্ডিত শিরোপা নিই
যেকথা বলছিলাম, আমার জীবনধারণ, চালচলনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করে
ভিখিরিরা অনেকদিন হল আশা বন্ধ করে দিয়েছে এদিকে। আমার দরোজায় আসে
ব্যান্ডমাস্টার, ফুসফুস আক্রমণকারী তেজি ছত্রাক, ডোমের চাকরি প্রার্থী উচ্চশিক্ষিত সকল
এই দেহে দেবতা দেবতা ক্রীম মাখি আজকাল, আমাকে যে সকাল-বিকেল হাত তুলে
দাঁড়াতে হয়, ব্যালকণিতে দাঁড়িয়ে আমি গান্ধিজীর থেকে টুকে আনা হাসি বিলিয়ে দিই অকাতরে
তুমি এতসব জেনেও জান না। চোখ পিটপিট করো। ফিঙে পাখিটির লেজে যতখানি
অবজ্ঞা থাকে, ততটাই ঝুলিয়ে রেখে ঠোঁটে তুমি লিপস্টিক দেগে দাও, আমাকে উপেক্ষা করো
৫
প্রতিদিনই ফিরে আসি, কোথাও যাবার থাকে না বলে এই ফেরা
এদিকে ঝুল-বারান্দায় সূর্য এসে বসে, সে তো খুবই খুনসুটিপ্রবণ
ফিঙে পাখিটির লেজে যেরকম চঞ্চলতা আছে, সে আমাকে উসকে তুলেছে
আমাকে যেতে হবে বিন্ধ্যাচল পেরিয়ে আরো দূরে দৃশ্য বিহীন কোনোখানে
নিজেকে ঘোষণা করার ওই ‘আমি’ শব্দটিকে দূর হয়ে যেতে বলি, পায়ে
সেই তো রেখেছে শেকলের কিম্ভূত ভার। অনেক যাত্রী নেমেছে আবার
রেল স্টেশনের ব্যস্ততায় চোখের আরাম হয়, ঢং ঢং ঘন্টা বাজে, পাহাড়ে
তখুনি ঝরনা জন্ম নিয়ে নেয়
ডুবুরি নামিয়ে দেখি রামযাত্রার পালা পড়েছে ওইখানে, লেভেল ক্রসিং-এর আগে
সকাল সাড়ে-দশটার ট্রেন প্রায়ই দাঁড়াত, আমাকে তুলে নিয়ে ফের স্কুলের
স্টেশনে নামিয়ে দেয়াই যেন কাজ তার, বুনো মুরগিরা কুতকুতে চোখে তখন তাকাত
আমাদের রামু মিস্ত্রি জানালা, দরোজা,চেয়ার, চৌকি —- সব কিছু খুলে ফেলে দিত
এক একবার অবাক দেখেছি, সেআমাদের রাস্তা-ঘাট তুলে নিয়ে গেছে, আমাদের
নিজেদের বাড়িতে বন্দি করে সে গিয়েছে রহস্য ভ্রমণে পশু-পাখিদের কাছে
সূচে সুতো ভরি, পা মেলে বসেছি উঠোনে। আমাকে সেলাই করতে হবে রাত্রি ও ভোর
এমনকি দুপুরের ভেতর অন্য দুপুর নিখুঁত জুড়ে দিতে হবে । ইতস্তত ছড়িয়ে আছে ছেঁড়া প্রেম
আমার সূচ ও সুতো সেদিকেও লক্ষ্য রেখেছে
৬
অ-রাজনৈতিক কবিতা লেখার কী যে হ্যাপা
ঘটনার আড়ালে যেসব ছোবল কত কত রাত অপেক্ষা করেছে
তুমি তাদের কথা বলো। সেইসব নিদ্রাহীনতার কথা
যারা সিঁড়ি বানাতে বানাতে অন্ধ হয়ে গেল, ভেবে দেখতে হবে
দেব-দেবীরা তখন কী করছিল! স্কুল মাঠে বাল্যকাল চিৎ হয়ে আছে
ভোরবেলার হয়ে ওঠা দেখবে তারা, ফাঁকা স্কুল-বারান্দায় কেমন
করে ঢং ঢং ধ্বনিফুটে ওঠে
পাড়ায় পাড়ায় ঘোরাফেরা বেড়ে যায় সন্ধ্যা হলেই, দেখা যাচ্ছে না
রেললাইনের দিকে যে রাস্তা, সেখানে আত্মহত্যারা ভিড় করে
দেখা যাচ্ছে না, কিছু ফিসফিস শব্দ কানে আসলেও আসতে পারে
—- চা-বিস্কুট খেয়ে গোলাবারুদের সঞ্চয়ে চলো এবার আগুন লাগানো যাক
নদী-বাণিজ্যে সম্ভাবনা দেখা দিয়েছে। নানা রকম অন্ধতার ফলে
লোকে জানতেই পারবে না শীতকাল হবে না এবার
৭
সে এক অন্যমনস্ক থাকা, সে এক শিউলি সকাল
যেভাবে জুতোর ভেতরে থাকা পেরেক সঙ্গ দেয়, কোকিল বয়সী আমি
এই নাছোড় বৃষ্টির ভেতর সহিষ্ণুতা শিখে নিই, আমাকে পেরোতে হয়
সমস্ত অনুপুঙ্খ দৃশ্য ব্যবহার
মুখ চাওয়াচায়ি করেছে অনেকে — তুমি কে বটে স্যাঙাৎ
বার্তাহীন বলে তো কিচ্ছুটি নেই, তুমি ঘন ঘন স্নান করো, আর যত আত্মকথন মুছে
হাঁটাহাঁটি চালিয়েছ — আমাকে পরাজিত করে রেখে দেয় এইসব হিস্হিস্ হিতোপদেশ
পথচারীদের পায়ে আমার হেঁটে ওঠা নেই, অত অল্প আয়োজনে কীভাবে
মাদল বাজাতে বাজাতে ঢুকে পড়ব সংসদ ভবনে! আরও তো
যেতে হবে ক্ষিধের ভেতর, প্রমত্ত চৌরাস্তায়। মহড়া ফেরত ঋষিদের কমণ্ডলু জানে
আমি অবকাশ পেলেই ছুটে আসব গণ্ডুষ পেতে শিউলিবেলায় —
সূর্য টোল খায়, দেখি আমার বন্ধুরা রবীন্দ্র রচনাবলী থানায় থানায় বিলি করে আসে
আর পরের সকালে ঠিক গ্রেপ্তার হয়
তুমিও সবজান্তা হয়েছ এখন, চুল খুলে রাখো, যাতে হাওয়ারা খেলতে পারে
জলাভূমি বিক্রি করে দাও, শপিং মল থেকে কেনাকাটা করে এসে
বস্তিবাসীদের নিয়ে তুখোড় কবিতা লেখো, কখন সখন আমার বারান্দায় জোনাকি লেলিয়ে দাও
— যেন বোঝাপড়া হল







