কয়েকটি কবিতা
বাসে মেট্রোয় যতসব ঝোলানো হাতল
♦
অদ্ভুত কিছু কাহিনী আমার আছে আর সেইসব কাহিনী
যথার্থ রিদমে সঞ্চারিত
আর স্যুরিয়াল ড্রামবিট যা রেভল্যুশনারি বলা যায় আর কি
এইসব মাথায় নিয়ে
এযাবৎকাল যতগুলো বাসে বা মেট্রোয়য় আমি চড়েছি
তার কোনটাতেই
দেখিনি মাথার ওপর ঝোলানো চমৎকার হাতলগুলো
কোন কাজের
মানে ওগুলো
ওই আর্কিটেকচারাল আর ইন্টারেস্টিং হাতলগুলো কেন তৈরি করা হয়েছে
আর মানুষের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ট্রান্সপোর্টেই
কেন ওদের সংযুক্তি
ওরা তো আমার হাতদুটোকে ধরে রাখতেই পারেনি
না কি চায়নি
কোন এক অজানা কারণে পৃথিবী নামক গতিপ্রবণ এই গ্রহে
কেন আমার প্রতি এই অনীহা
বুকোউস্কি আমারে বিখ্যাত বানাবার চায়
♦
আজ, ভোর রাতের দিকে
বুকোউস্কির লগে আমার দেখা,
স্বপ্নে।
‘কোন মাইয়ালোক তোমার লগে নাই তো!’ -কইলাম ওরে।
‘আছিল একটা, ইয়াং আর কালো হাই-হিল জুতার।
(এক আফ্রো-আমেরিকান গিটারিস্ট জুতাটা ওরে গিফ্ট করছে, কইলো তো তাই!)
মিষ্টি কইরা তিনডা চুমা দিছি ওরে
তারপর ঐ যে ব্রিজ দেখতাছ ধইরা নাও ওইটার নাম হাতিরঝিল
হ্যা অর ওপর থিকা ধাক্কাইয়া ফাইলা দিছি
নিচে,
ও চাইছিল আমারে ভালবাসতে
আমার কবিতা আর আমার সিগ্রেটের ধোঁয়া আর আমার হুইস্কিসহ।’
ব্রিজটার নাম এখন কইতে চাইছি না আর ওটা তেমন বিখ্যাতও না
ব্রিজ না ধইরা নাও ওইটা উঁচা এক ফ্লাইওভার।
‘ওই মাইয়াটা, স্কিন-টাইট প্যান্ট পরা, আরও আরও যত মাইয়া
আমার লগে যারা থাকে
ছিল
অরা তো কেউই বিখ্যাত না, ওই ব্রিজটাও বিখ্যাত না,
হ তুমি বিখ্যাত হইবার পারো
(দেখ না জনগণের ভাল না কইরাও রাজনৈতিক নেতারা কেমন জনপ্রিয় হয়!)
খুব বেশি কবিতা না লিইখাও
বুকোউস্কি হইবার পারো
এর লাইগা জাস্ট এক বোতল ফ্রেশ হুইস্কি নাও
হৃষ্টপুষ্ট কোন মাইয়া যারে আদর করা যায় বা রেসপেক্ট করা যায়
গলা জড়াইয়া ধইরা
নির্জন ঐ ব্রিজটার বা ফ্লাইঅভারের বা সিগ্রেটের গোলাকার ধোঁয়ার
মাঝামাঝি
উইঠা যাও
মিষ্টি কইরা অর গালে চুমা দাও
একটা
দুইডা
তিনডা
তারপর ধাক্কাইয়া ওরে ফাইলা দাও
নিচে,
দেখবা তুমিও বিখ্যাত হয়া গেছ।’
‘কিন্তু আমি তো বুকোউস্কি হবার চাই না
আর আমার নাই কোন মাইয়া ব্লাক হাই-হিল জুতার
নেভি-ব্লু স্কিন-টাইট প্যান্ট
ব্লু-অরেঞ্জ টি-শার্ট
পার্পল কালার লিপস্টিক
সিগ্রেট
এমন কি আমার কোন ব্রিজও নাই
যেইটা এখনও তেমন বিখ্যাত হয়া যায় নাই।’
রাণীর পেশাব
♦
সন্ধ্যায় পাতালবাড়ির দিকে যাবো
ঘুঘুপাখির বাসা মাথায় নিয়ে তিনশো বছর ঘুরছি
রাণী জানেন
রাস্তা থামিয়ে ঘুঘুপাখির বুকের নরম ওমে
ঘুমিয়ে পড়বো আর কি
ঘুমোতে পারবো না
রাণীর পেশাবের কি স্বাদ রং শিহরণ
অশনি বীজকাল
♦
অতিথিদের নিকট আমরা চাইনি বাতাস বিক্রি করতে। এখন বীজকাল আর মেয়েরা ঘরে নেই। হঠাৎ আসা মেঘ কোন খুনখারাপিতে না গিয়ে আমাদের ছুটিয়ে নিতে চায় বিস্বাদ পাহাড়ের ওপাশে, যেখানে ঘুঘুশিকারী নেই কিন্তু উধাও ঘুঘুপাখিরা চরে বেড়াচ্ছে। এদিকে দুর্গাবালিকাদের কাশবনে ছোট ছোট পাহাড় বড় বড় পাহাড়কে রীতিমতো চায়ছে অস্বীকার করতে!
কে
♦
একই সঙ্গে খাচ্ছিদাচ্ছি ঘুমোচ্ছি মেট্রোয় উঠছি
আমি আর শিশির আজম
একই সঙ্গে
সিনেমায় যাচ্ছি
সেমিনারে যাচ্ছি
বাচ্চা ইঁদুরটাকে আদর করছি
একই সঙ্গে
কিন্তু সন্দেহ করছি কে আমি আর কে শিশির আজম
কে
কে নিতান্ত অনীহায় নিদারুণ অনিবার্য স্রোতে
ভাসিযে দিয়েছে নিজেকে
~







