পাঁচ মূর্তি
১) স্বপ্নে দেখলাম শহরের পর শহর পুড়ে গেছে। আর
এক উলঙ্গ বালক পোড়া শহরে কানে কানে
বর্ষা তাড়িত মেঘের অবয়ব বর্ণনা করে চলছে।
শিশুদের কাগুজে নৌকায় চেপে এমন ঘোলা জলে
কত শৈশব বয়ে যায়। স্বপ্নের শেকল ঝুলে পড়ে
গলা থেকে মেরুদণ্ড বেয়ে। আষ্টেপৃষ্টে জড়িয়ে যায়
স্বপ্নের শেকড়-বাকড়। উঠতে পারি না। আঠা ধরে যায়, শরীরের সাথে বয়সের তবুও উঠতে পারি না।
স্তূপের ভেতর থেকে গলা বাড়িয়ে বলতে পারিনা
আমার চিৎকার। শুধু স্বপ্নের ভেতর তাদের অনুবাদ
করে যাই রাতের গর্ভে ভ্রূণ হয়ে বসে বসে। ভয়ে ভয়ে
চোখ খুলে কোনো দিন তাকাই যদি দেখি
পোড়া গন্ধ মুছে পৃথিবী নিজেই
মেঘের বিছানায় তলিয়ে গেছে।
২) কার কাছে যাবে? এখানেই বসো। এখানেই
নদী এঁকে নাইতে নামো। জল দিয়ে গড়িয়ে নাও
তোমার নুপুর ও নিয়তি! দুধ খরিষের ফনায়
বেঁচে থাকা অলৌকিক দেবীদের মতো তুমিও
না হয় বেঁচে থাকো অর্থহীন শব্দমালায়, জোনাকি সংলাপে! অর্থহীন পৃথিবীর ঘূর্ণন। এই ধূলিমলিন
আহ্লাদ নিয়ে শুয়ে থাকা গ্রামগুলি,
আদিগন্ত মাঠের মাঝে বুড়ো ঘোড়ার চরে বেড়ানো অলসতা, আজন্ম অন্ধত্ব নিয়ে দিগন্ত খুঁজে পাওয়া ঋতুমতীর আনন্দ
সবেই তো অর্থহীন, সবেই প্রবাহের স্রোতে ডুবে ডুবে
ভেসে ওঠার মৃত্যু নীল ইগলের ঠোঁট। আর তবে কার কাছে যাবে তুমি। তারচেয়ে এখানেই বসো। হাতে হাত রেখে সাঁকো গড়িয়ে নাও। মুখ ডুবিয়ে দাও
হাহাকারের বুকে চাঁদের ভেতরে!
৩) মন্দিরে ঢুকতে হলে মাথা নুইয়ে নিতে হয়
চিতার ওপর উঠতে গেলে শরীর ভুলে যেতে হয়
তোমাকে ছুঁতে গেলে কাম খুলে পরে নিতে হয়
প্রণয়নের আবির উড়ান। আমি কি তবে
রাধা ভাবে তুলে আনবো এক কলস আহ্লাদ
তোমার চোখের শীতল কুয়া থেকে। আর কোনো পথ নেই আমার ফিরে যাবার। সব পথেই গড়ে উঠেছে
ঘণ শ্বাস ভরা জন জঙ্গল। সব পথেই বানিজ্য পোত।
সব পথেই ধর্মের লম্বা ঠোঁট আমাকে তুলে নিতে চায়
অন্ন জলের সাধনা থেকে। আমি এবার আচমনে বসবো আর তুমিই হবে বিশুদ্ধ চুম্বন আঁকা একটি ঈশ্বরী। যার গায়ে তখনো দাগ নেই হোমাগ্নির!
৪) বানিজ্য সঙ্গীত বাজায় নগরের তোরণ দুয়ারে।
কতজন ভীড় করে। পোশাকে রঙ চড়িয়ে রঙিন করে ত্বক ও মেধা। রঙিন বেলুন উড়িয়ে আকাশ পর্যন্ত পৌঁছে দিতে চায় মানুষের রঙিন উৎসব। আরো দূরে
খোলা দরজায় দাঁড়িয়ে এক একটা নির্জন দিন
নিম গাছের ছায়ায় রঙিন না হলেও রসকলি আঁকা নারী দেহে বিকেল এঁকে লালন ধরেছে দোতারায়।
আমি তার রঙেই ঢালতে চাই আমাদের মানচিত্রে ও মাটিতে…!
৫) বুকের বিস্তারে অভয়ারণ্য রাখো বলেই
সাহস করে এতোটা এগিয়ে আসতে পারি।
হাতে, মানতের কলজে গুঁজে দিয়ে অবোধের মতো
বলতে পারি, আমার নদীমাতৃক স্মৃতি ফিরিয়ে দাও।
আর কতোদিন
স্মৃতিহীন স্তনের কাছে
নবজাতকের মতো
মিথ্যার নাগরিকত্ব চুষে খাই !
ছিবড়ে করি তার মেদ ও মাংস
অথচ একবিন্দু স্থিরতা বা একখণ্ড স্যারিডন
উপহাসের বশেও পাইনি কোনদিন!
আমি মিসিসিপি বা গন্ধেশ্বরী বুঝি না
তোমার হাতের জলাভাস পেলে
এ’কপাল শস্য খেত হবে, হয়তো বা
এ’ কপাল ব্যবহার উপযোগী মাঠ হবে ভাগ্যহীনের।
তাই কাছে আসি। শরীর ঘেঁষে শুকে যাই
অভয়ারণ্য ঘ্রান, রাতের তারা গুলি মেধায় সাজাই
স্মৃতি সরণীতে হকার হয়ে ঘুরি টো টো করে..







