শুভদীপ মাইতি
১.
প্রতিমার চোখে সারাদিন ধরে জমা হচ্ছে নদী।
বিসর্জনের আগে কেউ একজন মায়ের কপালে সিঁদুর মুছে,
দেশভাগের পুরোনো মানচিত্রে এঁকে দিলো;
নিজস্ব বাড়ির ঠিকানায়।
ঢাকের ভিতর তখনও কেঁপে উঠছে,
সারিবদ্ধ মৃত মানুষের হাড়।
২.
এয়োতির সিঁদুর খেলার নিচে চাপা পড়ে যাচ্ছে,
অসমাপ্ত প্রতিবাদ ও দশমীর বিকেল।
নদীর জলে নেমে পড়ছে,
মৃন্ময়ী শরীরের শেষ উপস্থিতি
খড়, মাটি, রং— ক্রমশ আলগা হচ্ছে।
আলগা হচ্ছে দেবীর অংশ থেকে
৩.
বিসর্জনের ঘাটে একজন মৃত কৃষক তাঁর ছেলেকে খুঁজছেন।
ধানের শীষে জমে থাকা ঋণ,
জলের সঙ্গে ভেসে যাচ্ছে দূরে।
ছেলেটি জানে না, প্রতিমার পায়ের কাছে,
যে ফুলটি পড়ে আছে;
তার গন্ধে মিশে রয়েছে বাবার বন্ধক রাখা জমির শেষ নিঃশ্বাস।
৪.
বিজয়া মানে পুনরায় ফিরে যাওয়া।
অথচ কারও কারও ঘরে ফিরবার কোন পথ নেই
কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে একজন মা। দশমীর সন্ধ্যায় নিজের গর্ভজাতর নাম ধরে ডাকছেন।
এপারে ঢাক বাজছে। ওপারে পাখি উড়ে যাচ্ছে পাখি
মাঝখানে দেবীর বিসর্জন শেষ হলে,
নদী নিঃশব্দে গিলে ফেলে দুই দেশের নাগরিকত্ব
৫.
বৃদ্ধাশ্রমের পরিত্যক্ত জানালায় উত্তাপ বাড়ছে
দেবীর ফিরে যাওয়ার দিনে,
মায়েরা থেকে যান বিসর্জনের সাক্ষী হয়ে।
৬.
ঢাকের চামড়ায় জমে উঠছে,
মাটির নিচে চাপা পড়ে থাকা করোটি ও কঙ্কাল।
প্রাচীন পরাজয়ের মানচিত্রে জেগে উঠছে,
ফিরে যাওয়ার প্রতিশ্রুতি।
৭.
দেবীর মুখ ভেঙে গেলে, কুমোরের উঠোনে ফিরে আসে এক মুঠো অনাথ বিবর্ণ মাটি।
কোথাও কেউ প্রশ্ন করে না,
প্রতিবার অসুর মরে যাওয়ার পরেও
কীভাবে এত দীর্ঘ হয় অসুরের রাজত্ব!
৮.
সন্ধ্যা আরতির শেষে প্রতিমার চোখ থেকে খুলে পড়ে নক্ষত্ররা
শ্মশানের পাশ দিয়ে, উদ্বাস্তু শিবিরের পাশ দিয়ে,
ক্ষুধার্ত শিশুর ঘুমের পাশ দিয়ে;
বুকের ভিতর ডুবে যাচ্ছে,
দেবালয়ের সম্মিলিত প্রার্থনা।
৯.
বিজয়া দশমীর পর ম্যারাপ খোলার ব্যস্ততা।
প্যান্ডেলের বাঁশে বাঁশে ফিরে আসে অস্থায়ী শ্রমিকের ঘাম।
শহর পুনরায় নিজের মুখ দেখে।
পুনরায় অন্ধকার গাঢ় হয়,
অনাহারে থাকা শিশুটির দরজায়।
যে পৃথিবীতে মায়ের ফিরে আসাও একটি উৎসব,
সেখানে সন্তানের ঘরে না-ফেরারও একটি বিসর্জন থাকে আজন্মকাল।







